২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ ধর্মঘটে বন্ধ লঞ্চ

জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক লীগের ডাকা আকস্মিক ধর্মঘটে রাজধানীর সদর ঘাট থেকে দক্ষিণ জনপদের সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2019, 10:11 AM

Updated : 10 Oct 2022, 09:43 PM

বিআডব্লিইউটিএ-এর পরিবহন পরিদর্শক মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ৮টার দিকে গ্রিনলাইনের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আর কোনো লঞ্চ সকাল থেকে ছাড়েনি।

তবে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের পেছনে মালিকদের উসকানি দেখছে।

ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, “১১ দফা দাবিতে ৩০ নভেম্বর থেকে আমাদের ধর্মঘট শুরু করার কর্মসূচি রয়েছে। মালিকদের উসকানিতে তাদের পৃষ্ঠপোষক শ্রমিকরা আমাদের ধর্মঘটকে নষ্ট করার জন্য এই ধর্মঘট ডেকেছে।”

অন্যদিকে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সদস্য মোহাম্মদ রিন্টু বলেন, “জাতীয় শ্রমিক ফেডারেশন বারবার অহেতুক ধর্মঘট ডাকে। তাই আমাদের সভাপতি বিদেশ থেকে এলে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। এখন যারা ধর্মঘট ডেকেছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক লীগের এই কর্মবিরতি চলছে ১৫ দফা দাবিতে।

নদী খনন, পাইপ লাইনের বদলে নৌযানে জ্বালানি তেল সরবরাহ, মাস্টার/ড্রাইভারশিপ পরীক্ষায় দুর্নীতি ও  সনদ উত্তোলনে হয়রানি বন্ধ করা, মার্চেন্ট শিপের অনভিজ্ঞ সনদধারীদের অভ্যান্তরীণ নৌ-পথে নিয়োগ বন্ধ করা, শ্রমিকদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন, ওভারলোড নিষিদ্ধ করা, পর্যাপ্ত মুরিং বয়ার ব্যবস্থা করা, নৌ শ্রমিকদের ছুটি, বিশ্রাগার ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি রয়েছে এর মধ্যে।  

বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান মাহবুব উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যাচ্ছে না। দেশের অন্যান্য স্থান থেকে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতির কোনো খবর তার জানা নেই।

নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে গত জুলাই মাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। পরে নৌ অধিদপ্তরের মহা পরিচালকের সঙ্গে বৈঠক করে সংগঠন দুটি সেই কর্মসূচি স্থগিত করে।