পূর্বাচল হবে নগরায়ণের মাইলফলক: গৃহায়নমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘নতুন শহর’ প্রকল্প হিসেবে পূর্বাচল বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।
মঙ্গলবার সচিবালয়ে তার হাতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের এশিয়ান টাউনস্কেপ জুরি’স অ্যাওয়ার্ড-২০১৯ তুলে দিলে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “সুপরিকল্পিত নগরায়ণের মধ্য দিয়ে আধুনিক সভ্যতাকে এগিয়ে নিতে হবে। বিশ্বের কাছে বাংলাদেশের স্থাপত্যকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে তুলে ধরতে হবে।”
আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্ত এ অ্যাওয়ার্ড বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন,“অপূর্ব স্থাপত্য নকশার পূর্বাচল নতুন শহর প্রকল্প বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ প্রকল্প পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।”
এই অ্যাওয়ার্ড গৌরব ও সম্মানের উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, “এ অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে বোঝা যায় আমরা সঠিক পথে আছি। অপূর্ব স্থাপত্য নকশায় পূর্বাচল মডেল টাউন গড়ে উঠছে, যার স্বীকৃতি এ অ্যাওয়ার্ড।”
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিবছর যে সকল শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ অর্জনে এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোর লক্ষ্যে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ বছর এশিয়া প্যাসিফিকের আটটি দেশ হতে সর্বমোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটি এ বছর এশিয়ান টাউনস্কেপ জুরি’স অ্যাওয়ার্ড অর্জন করে।
