দায়িত্ব পালনে আরও সচেতন হোন: সশস্ত্র বাহিনীর প্রতি রাষ্ট্রপতি
সাইবার ক্রাইম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, “তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে প্রতিটি পেশার ক্ষেত্রেই সুযোগ-সুবিধা যেমন বেড়েছে, তেমনি চ্যালেঞ্জের মাত্রাও বেড়েছে।
“জাতীয়, সামাজিক ও ব্যক্তি নিরাপত্তার হুমকি এখন অনেক বেশি। সাইবারক্রাইম এখন নিত্য-নৈমিত্তিক ঘটনা। তাই আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে হবে।”
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বঙ্গভবনে ওই নৈশভোজে রাষ্ট্রপতি আরও বলেন, “তথ্য প্রযুক্তির ফলে সৃষ্ট সকল সুযোগ-সুবিধাকে সঠিকভাবে কর্মক্ষেত্রে কাজে লাগানোর পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধে সার্বক্ষণিক প্রস্তুতি থাকতে হবে।”
আবদুল হামিদ বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে সরকার ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়ন করছে। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় অবকাঠামো ও উন্নত যন্ত্রপাতিসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করা হয়েছে। এতে বাহিনীগুলোর সামর্থ্য ও সক্ষমতা বহুগুণে বেড়েছে। ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
“আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দক্ষতায় বিশ্বমানে উন্নীত হোক এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক।”
দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “যে কোনো বাহিনীর উন্নয়নের পূর্বশর্ত হল নেতৃত্বের প্রতি গভীর আস্থা, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি শৃঙ্খলা।
“আমার দৃঢ় বিশ্বাস, সশস্ত্র বাহিনীর সদস্যগণ নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে তাঁদের গৌরব সমুন্নত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।”
বঙ্গভবনের দরবার দলে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
