২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগপত্র কার্যকরের ‘প্রতিশ্রুতি’ পরিবহন মালিক-শ্রমিকদের

নিয়োগপত্র দেওয়া-নেওয়ার আইনি বিধান এখন থেকে মানবেন বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 07:41 PM

Updated : 08 Apr 2022, 05:06 PM

মঙ্গলবার জাতীয় সংসদে কমিটির বৈঠকে উপস্থিত হয়ে উভয় পক্ষ নিয়োগপত্রের বিধান কার্যকরের প্রতিশ্রুতি দেয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু জানিয়েছেন।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আইনেই নিয়োগপত্র দেওয়ার কথা রয়েছে, পরিবহনের রুট পারমিটের জন্য আবেদনের সাথে চালকের নিয়োগপত্র যুক্ত করতে হয়।

“কিন্তু মালিক ও শ্রমিক- দুই পক্ষেরই অনীহার কারণে এটার বাস্তবায়ন হচ্ছে না। আজকে আলোচনার প্রেক্ষিতে দুই পক্ষই একমত হয়েছে। এখন থেকে মালিকরা নিয়োগপত্র দেবেন এবং শ্রমিকরা নেবেন। “

এবিষয়ে দুই পক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া পর বিধানটি বাস্তবায়ন হচ্ছে কিনা তা কমিটির পক্ষ থেকে শ্রম বিভাগকে নিবিড়ভাবে তদারকি করতে বলা হয়েছে বলে জানান সাবেক এই শ্রম প্রতিমন্ত্রী।

পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল বোর্ডের কার্যক্রম নিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়।

বৈঠকে অংশ নেওয়া এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়োগপত্র কার্যকর না হওয়ার জন্য মালিক ও শ্রমিক পক্ষ একে অপরকে দোষারোপ করে।

“দুর্ঘটনা বা অন্য কোনো সমস্যায় দায় এড়াতেই মালিকরা নিয়োগপত্র দিতে চায় না বলে শ্রমিক পক্ষের অভিযোগ। বিপরীতে মালিক প্রতিনিধি পাল্টা অভিযোগ তুলে বলেন, শ্রমিকরা ঘন ঘন প্রতিষ্ঠান/পরিবহন পরিবর্তন করেন বলে তারাই নিয়োগপত্র নিতে চান না।”

এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বৈঠকে মালিক পক্ষ থেকে জানানো হয় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিকদের (ড্রাইভার ও শ্রমিক) নিয়োগপত্র দেওয়া হবে। বিষয়টি বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের চিঠি দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে ‘ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল বোর্ডের’ কার্যক্রম নিয়ে সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করে। ২০০৫ সালের আইনে বোর্ড গঠন হলেও পরিবহন শ্রমিকদের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারেনি।

এবিষয়ে কমিটির সভাপতি বলেন, “সড়ক পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের টানাটানির কারণে বোর্ডকে কার্যকর করা যায়নি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল বোর্ডকে যুগোপযোগী ও বাস্তবসম্মত করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সড়ক মন্ত্রণালয় ও বিআরটিএর প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করে তার সুপারিশ সংসদীয় কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে।

পাটকলের মজুরি কাঠামো বাস্তবায়নে বরাদ্দ চাই

সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) অধীনে কারখানাগুলোতে জাতীয় মজুরি কাঠামো বাস্তবায়ন করতে হলে অর্থ মন্ত্রণালয় থেকে বাড়তি বরাদ্দ লাগবে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়। শুধু মিলের উৎপাদিত পাটপণ্য বিক্রি করে যে অর্থ আসে সেটা দিয়ে জাতীয় মজুরি কাঠামো ২০১৫ বাস্তবায়ন করা সম্ভব নয়।

সরকারি ২৭টি পাটকলের মধ্যে ছয়টি বন্ধ আছে। বেসরকারি ১৭১টি পাটকলের মধ্যে বন্ধ আছে ৩৫টি। চালু থাকা ১৩৬টি পাটকলের মধ্যে ৮৮টিতে ন্যূনতম মজুরি বাস্তবায়ন হয়েছে।

কার্যযপত্র থেকে জানা গেছে- বিজেএমসির শ্রমিকদের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাবদ গত ২৫ জুলাই তিন হাজার ৩৬২ কোটি ৪৫ লাখ টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বৈঠক করে তা কমিয়ে এক হাজার ১০৩ কোটি টাকা চেয়ে গত ১৩ নভেম্বর আবার অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিপ ব্রেকিং ইয়ার্ডে সংঘটিত দুর্ঘটনায় ২০১৯ সালে নিহত ১৯ জন শ্রমিকের পরিবারকে মালিক পক্ষ থেকে ১ কোটি ১৪ লক্ষ টাকা, ২০১৮ সালে ১৭ জন শ্রমিকের পরিবারকে ৮৫ লক্ষ টাকা এবং ২০১৭ সালে ১৬ জন শ্রমিকের পরিবারকে ৮০ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

কমিটির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, ইসরাফিল আলম ও শামসুন নাহার বৈঠকে অংশ নেন।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহসহ মালিক-শ্রমিক প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।