রবিউল হুসাইনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত কবি, স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, দেশ ও জাতি একজন বহুমুখী গুণের অধিকারী দেশপ্রেমিক বরেণ্য ব্যক্তিকে হারালো।
রবিউল হুসাইন একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, গল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী ছিলেন। পেশা স্থাপত্যশিল্প হলেও তার সম্পৃক্ততা ছিল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে।
শোকবার্তায় বলা হয়, “মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষক রবিউল হুসাইন স্বীয় কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
প্রধানমন্ত্রী এই কবি-স্থপতির আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল হুসাইনের মৃত্যু হয়।
ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পাওয়া রবিউল হুসাইন কাজ করেছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্যও।
তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের ট্রাস্টি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিষদের সদস্য।
