মজুরি বাড়ানোর দাবিতে পাটকল শ্রমিকদের ভুখা মিছিল
জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনা ও চট্টগ্রামে ভুখা মিছিল করেছে পাটকল শ্রমিকরা।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে সোমবার সকাল ১০টার দিকে খুলনার নয়টি পাটকলের শ্রমিকরা স্ব স্ব মিলগেটে জড়ো হয়ে মিছিল বের করেন।
ছয় দিনের কর্মসূচির প্রথমদিন শ্রমিকদের ভুখা মিছিল খুলনা খালিশপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে সমাবেশে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহানা শারমিন বলেন, পাটকল শ্রমিকদের জন্য জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, পিপিপি বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকা পরিশোধ, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট কেনার অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে ভুখা মিছিল করেছে সোমবার সকালে মিছিল বের করে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক ঘুরে আসেন।
আমিন জুট মিল সিবিএর সভাপতি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো পর্যন্ত আমাদের জাতীয় মজুরি কমিশন ২০১৫ এর বাস্তবায়ন হয়নি। আমাদের শ্রমিকদের নয় থেকে ১১ সপ্তাহের মজুরি বাকি।”
২০১৩ থেকে অবসরে যাওয়া বেশিরভাগ শ্রমিকের পাওনা এখনো বকেয়া রয়েছে বলে তিনি জানান।
আগামী ২৭ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতীকি অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।
এরপরও দাবি মানা না হলে ধর্মঘটসহ গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে বলে আরিফুর জানান।
