বসুন্ধরায় উঁচু থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর অন্যতম বৃহৎ বিপণি কেন্দ্র কারওয়ান বাজারের বসুন্ধরা সিটিতে উঁচু থেকে পড়ে এক যুবকের মৃত্যু ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
তেজগাঁও থানার এসআই আল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে, ৫ তলা থেকে ওই যুবক পড়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে জানান।”
কীভাবে ওই যুবক পড়ে গেলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান এসআই আল আমীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মৃত যুবকের খোঁজে রাত ৯টা পর্যন্ত কেউ আসেনি।
