২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষতা বাড়াতে এফবিআইয়ের সঙ্গে চুক্তি করতে চায় দুদক

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করার প্রস্তাব রেখেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2019, 01:07 AM

Updated : 08 Apr 2022, 04:59 PM

মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট ও স্টেট ডিপার্টমেন্টের তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে এক বৈঠক করেন।

বৈঠকের পর দুদক চেয়ারম্যান বলেন, “এফবিআইয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য অভিপ্রায় ব্যক্ত করে পত্র দিয়েছে দুদক। আমরা আশা করি, এই সমঝোতা স্মারক স্বাক্ষর হলে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে।”

তিনি বলেন, “এফবিআইয়ের দক্ষ ও চৌকস কর্মকর্তারা বাংলাদেশে এসে দুদকের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে পারেন। এক্ষেত্রে দুদক হয়ত প্রশিক্ষকদের লোকাল হসপিটালিটির ব্যবস্থা করতে পারে।”

মুদ্রাপাচার, সন্ত্রাসে অর্থায়ন, অপরাধীদের গতিবিধি, দুর্নীতির ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করার জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে চাওয়ার কথা প্রতিনিধিদের জানান দুদক চেয়ারম্যান। 

এজন্য সহযোগিতা চেয়ে বৈঠকে প্রতিনিধি দলের উদ্দেশে তিনি বলেন, “বিশেষ করে উন্নত মানের ফরেনসিক ল্যাব স্থাপনে আপনারা সহযোগিতা করতে পারেন।”

বৈঠকে দুদকের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জানতে চায়, ‘দুর্বল তদন্ত’ না কি  ‘দুর্বল প্রসিকিউশন’ অথবা অন্য কী কারণে দুদকের ৩০ শতাংশ মামলায় অভিযুক্তরা খালাস পেয়ে যাচ্ছে?

তাদের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “কমিশনের মামলায় সাজার হার এক সময় ২২ শতাংশে নেমে এসেছিল, যা বর্তমানে প্রায় ৭০ শতাংশে উন্নীত হয়েছে।”

বর্তমানে কমিশন তদন্ত ও প্রসিকিউশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে বলে প্রতিনিধি দলকে জানান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, “কমিশন থেকে প্রায় দুই শতাধিক মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়েছে।এর মধ্যে ১৬টি মামলায় বিচারিক আদালতে রায় হয়েছে। প্রতিটি মামলায় আসামিদের সাজা হয়েছে।”

প্রতিনিধি দলের সদস্যদের দুদক চেয়ারম্যান বলেন, “কমিশন শুধু চুনোপুঁটিদের ধরছে না, রাঘব-বোয়ালদেরও ধরছে। অনেক উচ্চপদস্থ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্নীতির সাথে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে।”

গত তিন বছরে যুক্তরাষ্ট্র দুদকের ১৬৪ জন কর্মকর্তাকে অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউশনের ওপর প্রশিক্ষণ দিয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, “এর মাধ্যমে কমিশন সক্ষমতা বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

“এই সহযোগিতা বাংলাদেশের দুর্নীতি দমনে কমিশনের সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন জাস্টিস ডিপার্টমেন্টের আবাসিক আইন উপদেষ্টা এরিক উপাঙ্গা, স্টেট ডিপার্টমেন্টের বৈদেশিক বিষয়ক কর্মকর্তা আম্বার অজবৌন এবং জাস্টিস অ্যাডভাইজার রওশানী মনসুর।

দুদকের চেয়ারম্যান ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থাটির মহাপরিচালক (আইসিটি) এ কে এম সোহেল।

পুরনো খবর:

অর্থপাচার: সহজে তথ্য পেতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দুদকের চুক্তি
দুর্নীতি বন্ধে দুদকের সঙ্গে থাকার ঘোষণা মানবাধিকার কমিশনের