২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বন্ধে দুদকের সঙ্গে থাকার ঘোষণা মানবাধিকার কমিশনের

মানবাধিকার রক্ষায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার ঘোষণা দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2019, 11:27 PM

Updated : 18 Aug 2022, 06:02 PM

সোমবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে এক বৈঠকের পর দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাছিমা বেগম বলেন, "যিনি দুর্নীতি করেন, তিনি অন্যের অধিকার হরণ করেন। দুর্নীতির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয়। কারণ আমার আপনার অধিকার ও প্রাপ্য অন্যের পকেটে চলে যায়। সে জায়গায় আমরা বাধা হয়ে দাঁড়াতে চাই।"

সাংবাদিকদের তিনি বলেন, "বহু এনজিও আছে যাদেরকে মানুষ মনে করে তারাই বুঝি মানবাধিকার কমিশন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন আর তথাকথিত মানবাধিকার কমিশন এক না। মানুষ যেন তাদের দ্বারা বিভ্রান্ত না হয়। তাদের দ্বারা যেন উদ্বুদ্ধ না হয়। ওই এনজিওদের কাজ এনজিও করে, আর রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের কাজ আলাদা।"

যদি কেউ মানবাধিকার কমিশনের নাম করে অন্যায় কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন নাছিমা বেগম।

এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল দুদদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সাথে সৌজন্য বৈঠক করেন।

বৈঠকে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রতিনিধি দলের উদ্দেশে বলেন, "দুর্নীতির মাধ্যমেই মানবাধিকার লঙ্ঘিত হয়। যারা জনগণের অর্থ লুণ্ঠন করে সম্পদের পাহাড় গড়েন, তারাও মানবাধিকার লঙ্ঘনকারী। কারো অধিকার লঙ্ঘন করেই দুর্নীতি করতে হয়।

"প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন মানবাধিকার লঙ্ঘন করছে কি না, সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা ছাড়া দুর্নীতি-মানবাধিকারের মতো বিষয়গুলোর কাঙ্ক্ষিত পর্যায়ে আনা কঠিন। সর্বত্র সুশাসন নিশ্চিত করতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।"

দুদক চেয়ারম্যান বলেন, "দুর্নীতি করলে কাউকে ছাড় দেবে না কমিশন। এক্ষেত্রে কোনো পরিচয়ই কাজে আসবে না। দুর্নীতিপরায়নদের আইনের মুখোমুখি হতেই হবে।”

দুদক ও মানবাধিকার কমিনের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করার প্রস্তাব রেখে তিনি বলেন, “এসব প্রতিষ্ঠানের লক্ষ্য প্রায় অভিন্ন। সুশাসন প্রতিষ্ঠাই প্রতিষ্ঠারে মূল লক্ষ্য।"

অন্যদের মধ্যে মানবাধিকার কমিশনের সদস্য কামাল উদ্দিন আহমেদ ও সদস্য নমিতা হালদার সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

অর্থপাচার: সহজে তথ্য পেতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দুদকের চুক্তি