২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতির সম্পাদকসহ ৪ জনের পদত্যাগের ঘোষণা

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2019, 10:45 PM

Updated : 18 Aug 2022, 06:02 PM

তারা হলেন- সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, কার্যকরী সদস্য অধ্যাপক মাহবুব কবির ও অধ্যাপক সাঈদ ফেরদৌস।

মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে হামলারা পর সন্ধ্যায় এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান তারা। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “হামলায় ছাত্র-শিক্ষক উভয়ই আহত, লাঞ্ছিত ও হেনস্তা হয়েছেন। বিষয়টাকে শুধু দুঃখজনকই বলতে পারলাম। এর বেশি কিছু করতে পারলাম না। একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত নিতে পারি না, বিচার চাইতে পারি না। তাহলে শিক্ষক সমিতিতে থেকে আমরা কিভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করব?”

রাতেই শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারের কাছে পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান সোহেল রানা। 

তিনি বলেন, “শিক্ষক সমিতির পক্ষপাতমূলক ভূমিকায় আমরা মর্মাহত। আন্দোলনকারী শিক্ষার্থী-শিক্ষকদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুগত শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সহায়তায় হামলা চালিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ঘটনায় বস্তুনিষ্ঠ কোনো বক্তব্য প্রদান করেনি এবং নির্লিপ্তভাবে উপাচার্যের পক্ষ অবলম্বন করে যাচ্ছে।

“শিক্ষক সমিতি শিক্ষক, শিক্ষার্থী এমনকি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার পরিবর্তে বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের মতো একটি তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই অবস্থায় আমরা শিক্ষক সমিতি থেকে আমরা পদত্যাগ করছি।”

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য ফারজানাকে তার বাসভবনে সোমবার রাত থেকে ঘেরাও করে রাখলে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করতে যান উপাচার্য সমর্থক শিক্ষকরা। তাদের সঙ্গে আন্দোলনরতদের ধাক্কাধাক্কিও হয়।

এরপর দুপুরে ছাত্রলীগের একদল নেতা-কর্মী গিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। ছাত্রলীগের ওই তৎপরতায় উপাচার্য সমর্থক শিক্ষকদের সমর্থন দিতে দেখা যায়। উপাচার্যও ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অধ্যাপক ফারজানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে থাকা অধ্যাপক সোহেল রানা বলেন, “অনেক দিন থেকেই আমরা পদত্যাগের কথা ভাবছি। বেশ কিছু বিষয়ে সমিতিতে কাজ করতে গিয়ে আমরা বিব্রত হয়েছি।

“একদিকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, আরেকদিকে শিক্ষকদের স্বার্থ৷ কোনও বিষয়েই আমরা বোধহয় সেরকম ভূমিকা রাখতে পারলাম না। তাই শিক্ষক সমিতিতে পদ আগলে রাখার কোনো মানে হয় না।”

পুরনো খবর:

জাবিতে আন্দোলনকারীদের পেটালো ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ