২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৫৮ শতাংশ

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের ৫৮ দশমিক ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2019, 07:23 PM

Updated : 18 Aug 2022, 06:02 PM

বর্তমান সরকারের ৯ মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ দশমিক ৭৮ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন,“গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৫৩টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৩১টি। ২২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৫৮ দশমিক ৪৯ শতাংশ।”

গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে ৫টি নীতি বা কৌশল, দুটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে বলে জানান তিনি।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভার মোট ১৬টি বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সেখানে ১১৬টি সার-সংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। বৈঠকগুলোতে গ্রহণ করা ১৬১টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ১২২টি। বাস্তবায়নের হার ৭৫ দশমিক ৭৮ শতাংশ। বাস্তবায়নাধীন সিদ্ধান্ত রয়েছে ৩৯টি।”

বর্তমান সরকারের সময়ের মধ্যে ১৬টি আইন জাতীয় সংসদে পাস হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাঁচটি আইন সংসদে বিবেচনায় রয়েছে, তিনটি আইন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদনের পর ১০টি আইন বিভিন্ন মন্ত্রণালয়ে ও বিভাগের প্রক্রিয়াধীন আছে।