খুনিদের দোসরদের বিচারও একদিন হবে: শেখ হাসিনা
জাতির পিতা ও জাতীয় চার নেতার হত্যাকারীদের দোসররাও একদিন বিচারের আওতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেল হত্যা দিবস উপলক্ষে রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এই আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধী এবং খুনি এদের সাজা হয়েছে। এদের যারা দোসর বা ষড়যন্ত্রকারী হয়ত আমরা আজকে করে যেতে পারলাম না। আমরা হয়ত করার চেষ্টা করব।
“আগামীতে যারা আসবে, কোনো না কোনোদিন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, তখন এই ষড়যন্ত্রকারীরাও এক সময় ধরা পড়বে। কেউ না কেউ এটা করবেই। এটা হবেই।”
“কারণ বঙ্গবন্ধুর নাম যখন মুছে ফেলেছিল ইতিহাস থেকে, তখন ভেবেছিল আর কোনোদিন ওই নাম ফিরে আসবে না। কিন্তু তা হয়নি।”
সরকার গঠনের পর যুদ্ধাপরাধীদের বিচার, জাতির পিতার হত্যার বিচার, জেলা হত্যাকারীদের বিচারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এখনও যে কয়টা খুনি এখানে সেখানে পালিয়ে আছে, তাদেরও আমরা খোঁজ-খবর করছি।”
স্বাধীনতার পর স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও দেশি-বিদেশি চক্রান্তের কথাও তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ৩ নভেম্বর কারাগারে চার জাতীয় নেতার হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “দুর্ভাগ্য হল, এদেরকে যখন হত্যা করতে যায়, জেল কর্তৃপক্ষ তখন বাধা দিয়েছিল। তখন বঙ্গভবন থেকে টেলিফোন যায়। খুনি মুশতাক বেইমান, মুনাফেক। সে টেলিফোন করে নির্দেশ দিয়েছিল এদের ঢুকতে দিতে।”
ওই ঘটনার পর কারা কর্তৃপক্ষ থানায় যে জিডি করে রেখেছিল, তার ভিত্তিতে থানায় মামলা করা সহজ হয়েছিল বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ১৫ অগাস্ট একটি পরিবারকে হত্যার কথা বলা হলেও ৩ নভেম্বরের পর থেকে মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠল যে এটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক ও স্বাধীনতাবিরোধীদের কাজ।
খন্দকার মোশতাক আহমেদের পতনের আগে খুনিদের প্লেনে করে বিদেশে পাঠিয়ে দেওয়ার বিষয়টি তুওেল ধরে তিনি বলেন, “প্রথমে তাদের ব্যাংকক নিয়ে যায়। সেখানে তাদের পাসপোর্ট দেওয়া হয়। তাদের ভিসার ব্যবস্থা করে কোন দেশে যাবে, সেটাও ঠিক করে দেওয়া হয়েছিল। এদের সাথে কারা জড়িত, সেটাও কিন্তু ইতিহাসে আছে।”
ওই সময় স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য যেই শাহ আজিজকে জাতিসংঘে পাঠানো হয়েছিল, জিয়াউর রহমান তাকে প্রধানমন্ত্রী বানায়। আব্দুল আলিম থেকে শুরু করে রাজাকার এবং যারা গণহত্যাকারী এমন বহুজন হয়ে গেল তাদের মন্ত্রী। এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ইতিহাস।”
জিয়ার শাসনামলের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, “মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ক্ষমতা দখলকারীরা নিজেদেকে ডিক্লেয়ার দিয়ে যখন রাষ্ট্রপতি হয়, তখন রাজনীতিবিদদের গালি দিয়েই ক্ষমতায় আসে। দুদিন পরই তারা উর্দি খুলে ফেলে দিয়ে আবার রাজনীতিবিদ সেজে যায়। তারা দল গঠন করে।
“আর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যেসব দল গঠন হয় স্বাভাবিকভাবেই তারা তো স্বার্থের জন্যই আসে। তাদের দু্নীতির একটা সুযোগ করে দেয়। ঋণখেলাপি কালচার থেকে যত রকমের অপকর্ম, সেটা মিলিটারি ডিক্টেটরদের সময়ই এদেশে চালু হয়।”
বর্তমানে বাংলাদেশের উন্নয়নচিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমার বাবা মায়ের কাছ থেকে শিখেছি দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা। দেশের মানুষের প্রতি যদি দরদ থাকে, দায়িত্ববোধ থাকে, কর্তব্যবোধ থাকে, তাহলে অসাধ্য সাধন করা যায়। মানুষে সেই সময় সমর্থন পাওয়া যায়। মানুষের দোয়া সব থেকে বেশি কাজে লাগে।”
