শিশু হত্যার মিথ্যা মামলা: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার আবেদন
পাঁচ বছর আগে ঢাকার হাজারীবাগে আবু সাঈদ নামে এক শিশুকে অপহরণ ও হত্যার অভিযোগে করা সাজানো মামলার চার আসামিকে খালাস দিয়েছে আদালত।
ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম শামসুন নাহার বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদেশের পর এঘটনায় মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগে তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে একটি আবেদন করেছেন ভুক্তভোগীরা।
এরা হলেন- সোনিয়া আক্তার, তার ভাই আফজাল, সাইফুল হোসেন ও বাবুল রাঢ়ী।
আবেদনে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৩০ ধারায় ‘ত্রুটিপূর্ণ’ প্রতিবেদন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বাকি নয় জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন), ২০০৩ এর ১৭(১) ধারায় ব্যবস্থা চাওয়া হয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রুহুল আমিন এখন ডেমরা থানায় নিযুক্ত আছেন।
তার বিষয়ে ওয়াহিদুজ্জামান বলেন, “তিনি নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছিলেন। তিনিই এ ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন। রায়ে বিচারক বলছেন, তদন্তে ত্রুটি ছিল।
“ভালো তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসত।”
গত অগাস্টের শেষ সপ্তাহে জানা যায়, আবু সাঈদ নামের কিশোর হত্যাকাণ্ডের শিকার হয়নি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সাঈদসহ তার মা-বাবাকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে হাজির করে হাজারীবাগ থানার পুলিশ। তখন আসামিপক্ষ থেকে ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে জানানো হয়, এই আদালতে যে কিশোর সাঈদ খুনের বিচার চলছে, তা সম্পূর্ণ মিথ্যা। কারণ সাঈদ খুনই হয়নি। তখন সাঈদসহ তার মা-বাবাকে ওই আদালত হাজির করার নির্দেশ দেন।
২০১৪ সালের ১৭ এপ্রিল পঞ্চম শ্রেণিতে থাকাকালীন আবু সাঈদ হারিয়ে গেছে উল্লেখ করে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওই জিডির পরিপ্রেক্ষিতে ওই বছরের ৭ জুলাই সোনিয়া আক্তারসহ চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং জানায়, সাঈদকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের পর দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের দুজনের দেওয়া জবানবন্দির ভিত্তিতে ডিবি জানিয়েছিল, শিশুটিকে বরিশালগামী লঞ্চ থেকে মেঘনা নদীতে ফেলে হত্যা করা হয়েছে।
বরিশালের হিজলা থেকে তখন সোনিয়া, তার ভাই আফজাল, ফুফাতো ভাই সাইফুল ও আরেক আত্মীয় শাহীন রাজিকে গ্রেপ্তার করে এবং তাদের আসামি করে অভিযোগপত্রও দেন ডিবির এসআই রুহুল আমিন।
এরপর অপহরণের পর হত্যামামলায় রূপান্তরিত হয় জিডিটি। মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ বিচারাধীন। সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য গত ৫ সেপ্টেম্বর দিন ধার্য ছিল।
তার আগেই হাজারীবাগ থানা পুলিশের তদন্তে উন্মোচিত হল যে আবু সাঈদকে অপহরণের পর হত্যার ঘটনাটি সাজানো এবং শিশুটি বেঁচেই আছে।
সোনিয়ার এক মামলার তদন্তে ওই শিশুটি তার বাবা মোহাম্মদ আজম, মা মাহিনুর বেগম এবং আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে গত ১ সেপ্টম্বর আদালতে হাজির করেন হাজারীবাগ থানার এসআই লন্ডন চৌধুরী।
