২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ক্যান্সার স্ক্রিনিং উদ্বোধন

পরিচ্ছন্নকর্মীদের জন্য ক্যান্সার পরীক্ষার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 10:17 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

বুধবার মিরপুর মাজার রোডের ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

এ কর্মসূচির আওতায় ডিএনসিসি ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ৪০০ পরিচ্ছন্ন কর্মীকে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিচ্ছনকর্মীরা ভালো থাকলে শহর পরিস্কার থাকবে।

“পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন আমাদের শহর পরিষ্কার রাখেন, তাদের স্বাস্থ্য ভালো থাকলে কাজেও মন থাকবে। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইনস্যুরেন্স, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে।”

মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করছেন তিনি।

“মেয়র হিসেবে শপথ গ্রহণের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী পরিচ্ছন্নকর্মীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করার জন্য আমাকে নির্দেশ দেন। সে অনুযায়ী গতমাসেই আমরা ৭৮৪ জনের জন্য গাবতলীতে বহুতল আবাসিক ও স্কুল ভবন তৈরির কাজ শুরু করে দিয়েছি।”

অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি,ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. মঞ্জুর হোসেন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান,অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক উপস্থিত ছিলেন।