২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিজ মোহাম্মদ ভাইর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইর বাংলাদেশে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 12:35 AM

Updated : 18 Aug 2022, 06:00 PM

একইসঙ্গে তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই এমবি ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান; তার স্ত্রী নওরীন আজিজ ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। চলচ্চিত্র প্রযোজনাও করতেন তিনি।

বিদেশে থাকা আজিজের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে মদ ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধারের পরদিন সোমবার তার ব্যাংক হিসাব  জব্দের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ)  থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে আজিজ মোহাম্মদ ভাই এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব জব্দ করতে বলা হয়েছে। অর্থাৎ এই ৩০ দিন এ সব ব্যাংক হিসাবে কোনো টাকা তোলা কিংবা স্থানান্তর করা যাবে না।

এই চিঠি পাঠানোর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।

শেয়ার কেলেঙ্কারির এক মামলায় গত বছর আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। তার আগ থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন। তার স্ত্রী নওরীন মাঝে-মধ্যে দেশে আসেন।

পুরনো খবর:

আজিজ মোহাম্মদ ভাইর বাড়িতে মদ-ক্যাসিনো সামগ্রী উদ্ধার
আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে মদ: ভাতিজাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আজিজ মোহাম্মদ ভাইর বাড়ির অন্দরে