২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে মদ: ভাতিজাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার গুলশানে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়ি থেকে ৩৯০ বোতল মদ উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 06:52 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

পুরনো খবর:

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে মদ ছিল ৩৯০ বোতল
আজিজ মোহাম্মদ ভাইর বাড়িতে মদ-ক্যাসিনো সামগ্রী উদ্ধার
আজিজ মোহাম্মদ ভাইর বাড়ির অন্দরে

অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম জানান, সোমবার গুলশান থানায় দায়ের করা দুই মামলায় আসামি করা হয়েছে মোট তিনজনকে। তবে কোনো মামলাতেই আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম নেই।

একটি মামলায় তার ভাতিজা ওমর মোহাম্মদ ভাইকে আসামি করা হয়েছে। অন্যটির আসামি ওই বাড়ির দুই তত্ত্বাবধায়ক নবীন মণ্ডল ও মো. পারভেজ।

রোববার বিকাল থেকে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ ও ১১/বি হোল্ডিংয়ে পাশাপাশি দুটি ছয়তলা বাড়িতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ভবন আলাদা হলেও একটি থেকে আরেকটিতে যাতায়াতের পথ ছিল। দুটি ভবনেই আজিজ মোহাম্মদ ভাইর আত্মীয়-স্বজন থাকেন।

এর মধ্যে একটি ভবনের ছাদের এক কোণে ছিল ক্যাসিনো সামগ্রী ও সিসা বার। অন্য ভবনের চারতলার একটি কক্ষে ছিল মদের মজুদ।

Image
ঢাকার গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে রোববার অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধারের কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে রোববার অভিযান চালিয়ে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধারের কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: আসিফ মাহমুদ অভি

দুই বাড়ি মিলিয়ে মোট ৩৯০ বোতল মদ পাওয়া গেছে জানিয়ে খোরশেদ আলম বলেন, ওমর মোহাম্মদের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আর চতুর্থ তলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের ফ্ল্যাট থেকে পাওয়া যায় বাকি মদের বোতল।

এছাড়া সিসা সেবনের সরঞ্জাম এবং ক্যাসিনোতে জুয়া খেলার রুলেট হুইল এবং ১৬ শ চিপস পাওয়া যায় সেখানে।

রোববারের অভিযানের পর ওই বাড়ি থেকে পারভেজ ও নবীনকে আটক করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আর ওমরকে মামলায় পলাতক দেখানো হয়েছে।

সহকারী পরিচালক খোরশেদ আলম জানান, ক্যাসিনো সামগ্রী উদ্ধারের ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশের তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র প্রযোজক হিসেবেই বেশি পরিচিত। চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তার নাম এসেছিল।

আজিজ মোহাম্মদ ভাই অলিম্পিকের পাশাপাশি এমবি ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান; তার স্ত্রী নওরীন আজিজ ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

শেয়ার কেলেঙ্কারির এক মামলায় গত বছর আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। তার আগ থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন।