আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে মদ ছিল ৩৯০ বোতল
ঢাকার গুলশানে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযানে পাওয়া সামগ্রীর জব্দ তালিকা তৈরি শেষ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই কম্পাউন্ডের ভেতরে দুটি বাড়িতে তারা মোট ৩৯০ বোতল মদ পেয়েছেন।
এছাড়া সিসা সেবনের সরঞ্জাম এবং ক্যাসিনোতে জুয়া খেলার রুলেট হুইল এবং ১৬ শ চিপস পাওয়া গেছে সেখানে।
রোববার বিকাল থেকে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ ও ১১/বি হোল্ডিংয়ে পাশাপাশি দুটি ছয়তলা বাড়িতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এর মধ্যে একটি ভবনের ছাদের এক কোণে ছিল ক্যাসিনো সামগ্রী ও সিসা বার। অন্য ভবনের চারতলার একটি কক্ষে ছিল মদের মজুদ।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র প্রযোজক হিসেবেই বেশি পরিচিত। চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তার নাম এসেছিল।
আজিজ মোহাম্মদ ভাই অলিম্পিকের পাশাপাশি এমবি ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান; তার স্ত্রী নওরীন আজিজ ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
রোববারের অভিযানে গুলশানের ওই বাড়ি থেকে দুই তত্ত্বাবধায়ক মো. পারভেজ ও নবীন মণ্ডলকে আটক করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
খোরশেদ আলম বলেন, মদ উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় দুটি মামলা করা হবে।
একটি মামলার বাদী হবেন পরিদর্শক শামসুল কবির, অন্যটিতে উপ-পরিদর্শক আতাউর রহমান।
নবীন ও পারভেজের পাশাপাশি আজিজের ভাতিজা ওমর মোহাম্মদকে মামলায় আসামি করা হবে। অভিযানে ওমরকে গ্রেপ্তার করা যায়নি।
সহকারী পরিচালক খোরশেদ আলম বলেন, ওমর মোহাম্মদের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আর চতুর্থ তলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের ফ্ল্যাট থেকে পাওয়া যায় বাকি মদের বোতল।
