আবরার হত্যামামলায় আরেক বুয়েটছাত্র গ্রেপ্তার
আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও এক বুয়েটছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গ্রেপ্তার এস এম মাহমুদ সেতু বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র। বিএসসি পাস করার পর একটি ওষুধ কোম্পানিতে চাকরিও নিয়েছেন তিনি।
ঢাকার বাংলামোটর থেকে রোববার সন্ধ্যায় সেতুকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আবরার হত্যাকাণ্ডে তার বাবা যে মামলা করেছেন, তাতে আসামির তালিকায় সেতুর নাম নেই।
গ্রেপ্তার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে আবরারকে নির্যাতনে সেতুর জড়িত থাকার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মাসুদুর।
এনিয়ে আবরার হত্যাকাণ্ডের মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হল। তার মধ্যে আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মী।
গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে মারা যান তড়িৎ কৌশলের ছাত্র আবরার।
