শিশু জাইমার চিকিৎসায় ৩ লাখ টাকা দেওয়ার নির্দেশ
লঞ্চের ধাক্কায় আঙুলসহ পায়ের সামনের অংশ কাটা পড়া শিশু জাইমা নেওয়াজ জিসার চিকিৎসায় তিন লাখ টাকা দিতে এমভি ইয়াদ লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আগামী ১৫ দিনের মধ্যে লঞ্চ মালিক ও সংশ্লিষ্টদের এই অর্থ দিতে বলা হয়েছে।
ক্ষতিপূরণ চেয়ে শিশুটির বাবা ও আইন সালিশ কেন্দ্রের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুরের রহমানের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।
শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি হবে না এবং শিশুটির চিকিৎসাসহ তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
নৌ-পরিবহন সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, নৌ অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, এমভি ইয়াদ লঞ্চের মালিক মামুনুর রশিদ, লঞ্চটির ব্যবস্থাপক মনিরুজ্জামানসহ ১২ বিবাদিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘পালিয়ে বেড়াচ্ছেন লঞ্চ দুর্ঘটনায় পা হারানো শিশু জাইমার পরিবার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে গত ২৪ অক্টোবর রিট আবেদনটি করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আনিসুল হাসান ও শাহীনুজ্জামান শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী তুষার পরে সাংবাদিকদের বলেন, “চিকিৎসার জন্য শিশু জাইমা নেওয়াজ জিসার পরিবারকে ১৫ দিনের মধ্যে তিন লাখ টাকা দিতে লঞ্চের মালিক মামুনুর রশিদ, প্রথম শ্রেণির মাস্টার আব্দুর রউফ, দ্বিতীয় শ্রেণির মাস্টার নাসির উদ্দিন গাজী, দ্বিতীয় শ্রেণির চালক মো. স্বপন, তৃতীয় শ্রেণির চালক মো. ফারুক হোসেন ও লঞ্চের ব্যবস্থাপক মনিরুজ্জামানকে নির্দেশ দেওয়া হয়েছে।”
দুর্ঘটনার সময় শিশুটির বয়স ছয় বছর ছিল বলে জানান তুষার কান্তি রায়।
২০১৭ সলের ২৯ ডিসেম্বর বাবা-মায়ের সঙ্গে এমভি ইয়াদ লঞ্চে করে ঢাকা থেকে আমতলী যাচ্ছিল শিশু জাইমা। তাদের লঞ্চটি ফতুল্লায় পৌঁছালে লঞ্চঘাটে সেটির জোরে ধাক্কা লাগে। এসময় জাইমা ছিটকে ঘাট ও লঞ্চের মাঝখানে পরলে তার ডান পায়ের আঙুলসহ সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
দ্রুত জাইমাকে উদ্ধার করে ঢাকা জেনারেল অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ২১ দিন চিকিৎসা হয় তার।
এ ঘটনায় শিশুটির বাবা জামাল গাজী ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লঞ্চ মালিকসহ ছয়জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
এরপর থেকে জামাল গাজীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিতে থাকে লঞ্চ মালিকপক্ষ। ভয়ে পালিয়ে বেড়াতে হয় শিশুটির পরিবারকে।
তখনই বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করে। সেসব প্রতিবেদন যুক্ত করেই রিটটি করা হয়।
