অপরাধী যে-ই হোক আইন নিজের গতিতে চলবে: প্রধানমন্ত্রী
ক্যাসিনো, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী যে দলেরই হোক না কেন আইন তার নিজস্ব গতিতে চলবে।
শনিবার সন্ধ্যায় আজারবাইজানের রাজধানী বাকুতে হিলটন হোটেলে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, “আমি বলে দিয়েছি অপরাধ যে করবে সে যেই হোক, যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইন তার আপন গতিতে চলবে। এবং আপনারা দেখেছেন যে সেটা কিন্তু চলছে।
“এমনকি আমার দলের কেউও যদি কোন কারণে কোনো অপরাধ করে সাথে সাথে শাস্তি পায়। কারণ অপরাধী অপরাধীই। আমি অপরাধীকে অপরাধীর চোখেই দেখব। এবং সেটাই আমরা কিন্তু দেখতে চেষ্টা করছি।”
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়েছে দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযান। এই অভিযানে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। খুব ভালো ফল আমরা পাচ্ছি। এই ব্যাধিটা থেকে... মাদক এটা পরিবারকে ধ্বংস করে, একটা মানুষকে ধ্বংস করে। সে ব্যাপারেও আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি।
“সার্বিক দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এখানে যতক্ষণ আছি দেশের কাজ করে যাব।”
শেখ হাসিনা বলেন, “আমি মনে করি যে পরকে শিক্ষা দেওয়ার আগে নিজের ঘর থেকে শুরু করা উচিত। আমি কিন্তু এখন তাই করছি। দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা, সেটাই আমি করে যাচ্ছি।”
আর বিএনপির দুর্নীতির ‘কোনও সীমা-পরিসীমা নেই’ বলে মন্তব্য করেন তিনি।
গুজব রটনাকারীরাও ‘জঘন্য অপরাধ’ করছে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে হঠাৎ একেকটা গুজব ছড়িয়ে খামোকা মানুষ মারা এ রকম জঘন্য অপরাধ করে।”
উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে গড়ে ওঠা জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার বাকু এসেছেন প্রধানমন্ত্রী। দুই দিনের ব্যস্ত কর্মসূচির মধ্যে শনিবার সন্ধ্যায় প্রবাসীদের সময় দেন তিনি।
“সে মেইড সার্ভেন্টও নিয়ে গেছে। কোনো দিন কোনও দেশে, কোনও ইতিহাসে আছে কি না যে সাজাপ্রাপ্ত আসামি কোনও মেইড সার্ভেন্ট সাথে রাখতে পারে। তার সেই সুবিধাও আছে।”
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শেখ হাসিনা বলেন, “তার জন্য আলাদা কেবিনও দেওয়া আছে। সে অসুস্থ, তাদের লোকেরাই বলে। আমি তো বলেছি আন্দোলন করেন। এখন পর্যন্ত বিএনপির কাউকে দেখলাম না যে ভালোভাবে একটা আন্দোলন গড়ে তুলবে বা জনমত সৃষ্টি করবে, তাও কিন্তু তারা পারেনি। সেখানেও তারা ব্যর্থ। সেখানে আমাদের তো কিছু বলার নেই।”
খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর দুর্নীতির প্রসঙ্গও আনেন শেখ হাসিনা।
“চিন্তা করতে পারেন যে, ওদের কাছে কত বেশি টাকা যে এফবিআইয়ের অফিসারকে পর্যন্ত কিনে ফেলেছিল।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিভিন্ন মামলায় পলাতক তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার, একুশে অগাস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন অপরাধমূলক মামলার কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে প্রবাসীদের জন্য সরকার কী কী সুবিধা দিচ্ছে, তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
