২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজারবাইজানের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চুক্তি

বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যাকে দুই দেশের সম্পর্কোন্নয়নের যাত্রা শুরু হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াজুল বাশার

বাকু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 01:09 AM

Updated : 10 Oct 2022, 09:32 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে বাকুর প্রেসিডেন্সিয়াল প্যালেসে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এই চুক্তি হয়।

দুই নেতার উপস্থিতিতে চুক্তিতে সই করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং আজারবাইজানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী আবুলফাস গারায়েভ।

উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে গড়ে ওঠা জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাকু সফর করছেন শেখ হাসিনা।

চুক্তি সইয়ের পর হিলটন বাকু হোটেলে প্রবাসীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, “সাংস্কৃতিক বিনিময় চুক্তি সই করেছি। এখান থেকেই যাত্রা শুরু। এই প্রথম এদেশের সঙ্গে একটা চুক্তি আমরা করলাম।

“আশা করি, এরপর থেকে আরও অনেক ক্ষেত্রে সহযোগিতা আমরা করতে পারব। সে বিষয়ে আমি কথা বলেছি।”

আজারবাইজান সোভিয়েত ইউনিয়নে থাকাকালে দেশটির জনগণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে সমর্থন দিয়েছিল, সে কথা স্মরণ করেন শেখ হাসিনা। এছাড়াও বিভিন্ন সময় আজারবাইজানের কাছ থেকে বাংলাদেশের সহযোগিতা পাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “দুঃসময়ের বন্ধু, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাদের সে সময়ের অবদানের কথা আমরা ভুলতে পারিনি। কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।

“ওই যে একাত্তর সাল থেকে তারা যে আমাদের সমর্থন দিয়েছে সেজন্য বাংলাদেশের প্রতি তাদের একটা ভালো আন্তরিকতা আছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু আমরা তাদের সমর্থন পাই।”

দুই নেতার বৈঠক ও চুক্তি নিয়ে পরে সাংবাদিকদের জানান একইসঙ্গে তুরস্ক ও আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী।

তিনি বলেন, “আজারবাইজানে যেহেতু বাংলাদেশের কোনো দূতাবাস নেই, তাই এখানে বাংলাদেশের একটি অফিস খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন।

“এই বৈঠকে বাংলাদেশের সঙ্গে আজারবাইজানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক যে সম্পর্ক সেটা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করেন উভয়েই। সোভিয়েতের অংশ হিসেবে আজারবাইজানের জনগণ কীভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেছিল, সে বিষয়টি স্মরণ করেন প্রধানমন্ত্রী। আজারবাইজান কীভাবে নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সমর্থন পেয়েছিল, সেটা আজারবাইনের রাষ্ট্রপতি স্মরণ করেন।”

আল্লামা সিদ্দিকী বলেন, “দুই পক্ষ এ বিষয়ে একমত হন যে, সামনের দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য করণীয় সবকিছুই তারা করবেন।

“রোহিঙ্গা ইস্যুতে আজারবাইজান বাংলাদেশকে সমর্থন দিয়েছে। উভয়েই আশা প্রকাশ করেন যে, সামনের দিনগুলোতে আজারবাইজানে বাংলাদেশের জনশক্তি রপ্তানি আরও বিস্তৃত হবে।”

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের কৃষি ক্ষেত্রে অগ্রগতির যে চিত্র আমাদের প্রধানমন্ত্রী তুলে ধরেছেন তা আজারবাইজানের প্রেসিডেন্ট বিস্ময় নিয়ে শোনেন। এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের প্রশংসা করেন।”

শেখ হাসিনা আজারবাইজানের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান তিনি।