২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার ‘অবমাননা’: জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি মুক্তিযুদ্ধ মঞ্চের

দিনাজপুরে মৃত্যুর আগে প্রশাসনের গার্ড অব অনার প্রত্যাখ্যান করে চিঠি লেখা মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন এবং তার পরিবারকে ‘অবমাননার’ অভিযোগ এনে সেখানকার জেলা প্রশাসক ডিসি, ইউএনও এবং এসি ল্যান্ডের অপসারণ দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 05:10 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে অপসারণ করে আইনের আওতায় না আনলে বেঁধে দেওয়ার সময়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সদর উপজেলার যোগিবাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন তার গাড়িচালক ছেলেকে চাকরি ও বাস্তুচ্যুত করাসহ মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ আক্টোবর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বরাবর একটি চিঠি লেখেন এবং পরদিনই তার মৃত্যু হয়। চিঠির শেষ অংশে তিনি লেখেন, মৃত্যুর পর তাকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা না হয়।

পরিবারের আপত্তির কারণে বৃহস্পতিবার তাকে গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয়।

ইকবালুর রহিমের সুপারিশে ইসমাইল হোসেনের ছেলে নূর ইসলামের ওই চাকরিটি হয়েছিল।

ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর নূর ইসলামকে তার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন কেন রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রত্যাখ্যান করল? এর জবাব দিনাজপুরের জেলা প্রশাসনকে অবশ্যই দিতে হবে।

“মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দিনাজপুরের জেলা প্রশাসন এবং সদর উপজেলা প্রশাসনের এতো বড় দুঃসাহস কিভাবে হল একজন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে অপমান করার?”

তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনকে বাস্তুচ্যুত করেই তারা ক্ষান্ত হয়নি। তার সন্তান নূর ইসলামকেও চাকুরিচ্যুত করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে প্রতিকার চাইতে গেলে বীর মুক্তিযোদ্ধাকে অপমান করে বের করে দেন জেলা প্রশাসক এবং এসি ল্যান্ডের কাছে ক্ষমা চাইতে বলেন।

“গাড়িচালকের চাকরী হলেও তাকে দিয়ে এসি ল্যান্ড রান্না করানো, শৌচাগার পরিষ্কারসহ ব্যক্তিগত কাজ করাত। দিনাজপুর জেলা এবং উপজেলা প্রশাসনের প্রতি কতোটা ক্ষোভ থাকলে একজন মুক্তিযোদ্ধা মৃত্যুর আগে পত্র লিখে গিয়েছেন যে তাকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার না দেওয়া হয়।”

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমেদ হাসনাইন, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, মহানগর উত্তরের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সম্পাদক ইমরান হোসেন সরকারসহ প্রমুখ।

পুরনো খবর:

চাকরি ফেরত পাচ্ছেন দিনাজপুরের সেই মুক্তিযোদ্ধার ছেলে