২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বানারীপাড়ার উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা

ধর্ষণের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলার চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম ফারুকের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানার মামলা করেছেন এক তরুণী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 12:47 AM

Updated : 18 Aug 2022, 05:59 PM

এজাহারে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকার বসুন্ধরায় নিজের ফ্ল্যাটে গোলাম ফারুক ওই তরুণীকে ধর্ষণ করেন।

বৃহস্পতিবার ওই তরুণী মামলাটি দায়ের করেন জানিয়ে ভাটারা থানার ওসি মো. মোক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

“এজাহারে ওই তরুণী বলেছেন, গত ১২ সেপ্টেম্বর একটি টেলিফোন কলের সূত্র ধরে তার সঙ্গে গোলাম ফারুকের পরিচয় হয়। যে ফ্ল্যাটে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে শুক্রবার সেখানে পুলিশ গিয়েছিল।”

গুলশান বিভাগের পুলিশের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই তরুণী তিনবার ওই ফ্ল্যাটে গিয়েছিলেন, আমরা মোবাইল ট্র্যাকিং থেকে নিশ্চিত হয়েছি।”

মামলা হওয়ার পর গোলাম ফারুকের খোঁজ করে তাকে পাওয়া যায়নি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তাকে খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।”