২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদের নামে বিভ্রান্তি এড়াতে নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

সরকারের সচিবের মতো পদনাম ও পদবি আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 04:46 PM

Updated : 18 Aug 2022, 05:58 PM

জ্যেষ্ঠ সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব ও সহকারী সচিব পদগুলো বিভিন্ন আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, অধঃস্তন অফিস, বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে দেখে বিভ্রান্তি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অধিশাখার যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র বুধবার জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, সরকারের পদনামসমূহ বিধি বহির্ভূতভাবে বিভিন্ন আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা সংগঠন, অধঃস্তন অফিস ও সংযুক্ত দপ্তরসমূহ এবং বেসরকারি অফিসসমূহে ব্যবহৃত হচ্ছে। বিধিমালা দিয়ে নিয়োগ বা পদোন্নতি প্রাপ্ত নন এমন ব্যক্তি কর্তৃক সরকারের পদনামসমূহ অননুমোদিত ব্যবহারের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।

Image
বাংলাদেশ সচিবালয়

বাংলাদেশ সচিবালয়

বিধি বহির্ভূতভাবে বা আংশিক পরিবর্তন করে উল্লিখিত সরকারি পদনামগুলোর ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ বলেও মনে করিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পদগুলো ব্যবহার না করতে নির্দেশনা দিয়ে বলা হয়, মন্ত্রণালয় বা বিভাগের অধঃস্তন অফিসের পদনাম ও পদবি সৃজনের ক্ষেত্রে সরকারি পদনাম ও পদবি সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিব যেন ব্যবহৃত না হয়।

ইতোপূর্বে অনুমোদিত সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান ত্রুটি বা বিভ্রান্তি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারের মন্ত্রণালয় বা বিভাগ, সংযুক্ত দপ্তর ও অধঃস্তন অফিসে কর্মরত কর্মকর্তাগণকে স্ব স্ব সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদনাম ও পদবি পূর্ণাঙ্গ ও সঠিকভাবে তাদের দাপ্তরিক সিলমোহর, নেমকার্ড, নেমপ্লেট, নথি এবং ওয়েবসাইটে ব্যবহার করতে হবে।

রাষ্ট্রীয় বা জাতীয় অনুষ্ঠানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কর্মকর্তাগণের তালিকা অনুসরণ করা যেতে পারে বলে পরিপত্রে বলা হয়েছে।