বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বাংলাদেশি জিয়া চৌধুরী
আফ্রিকার দেশ বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জিয়া চৌধুরী।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার তাকে এই পদে নিয়োগ দিয়েছেন বলে বিশ্ব সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তৃতীয় বাংলাদেশি হিসেবে কোনো দেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হলেন জিয়া চৌধুরী। তার আগে সুবিনয় নন্দী ও আমিরাহ হক এই পদে কাজ করেছেন। পরে তারা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল পদে দায়িত্ব পালন করেন।
উন্নয়ন ও মানব্কি সহায়তা খাতে ২৫ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে জিয়া চৌধুরীর। তার কর্মজীবনের শুরু হয় বাংলাদেশের দুর্যোগপ্রবণ ভোলা জেলায় একটি এনজিও’র মাঠ কর্মকর্তা হিসেবে। পরে ধাপে ধাপে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মকাণ্ডে নেতৃত্ব দেন তিনি।
জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) এবং অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সে (ওসিএইচএ) কৃষি গবেষণা, হিউম্যানিটারিয়ান পলিসি এবং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। বিভিন্ন এনজিও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
জিয়া চৌধুরী সর্বশেষ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার ইন্টারন্যাশনালের সুদান ও বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন।
বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পদে নিয়োগ পাওয়ার পর জিয়া চৌধুরীর প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে কেয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
“একজন বাংলাদেশি হিসেবে বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পদে কাজ করতে পারাটা সম্মানের।”
জিয়া চৌধুরীর পৈত্রিক বাড়ি সিলেটের জকিগঞ্জে। পাকিস্তান আমলে তার বাবা-মা ব্রিটেনে পাড়ি জমান। জিয়ার বেড়ে ওঠা সে দেশেই। ইউনিভার্সিটি অব লন্ডন (এসওএএস) থেকে ভূগোলে স্নাতক করেন তিনি। পরে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব ডেভেলপমেন্ট প্রজেক্টস-এ স্নাতকোত্তর করেন জিয়া চৌধুরী।
তার ভাই আখলাক উর-রহমান চৌধুরী ব্রিটিশ হাই কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি।
