লঞ্চ টার্মিনালের টিকেটের দাম নিয়ে উকিল নোটিস
লঞ্চ টার্মিনালে ঢোকার টিকেটের দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত বাতিল চেয়ে উকিল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
পাশাপাশি লঞ্চ টর্মিনালে ঢোকার ক্ষেত্রে টিকেটের এই ব্যবস্থাকে ‘অবৈধ, বেআইনি ও অসাংবিধানিক’ হিসেবে বর্ণনা করে ওই প্রক্রিয়া বাতিল চাওয়া হয়েছে নোটিসে।
নৌ-পরিবহন সচিব, অর্থ সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সাতজনকে বুধবার এ নোটিস পাঠান আইনজীবী মো. আবু তালেব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে সংক্ষুব্ধ হিসেবে বা জনস্বার্থে প্রতিকার চেয়ে হাই কোর্টে রিট আবেদন করব।”
দুই সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ছাড়াও বিআইডব্লিউটিএ’র পরিচালক (অর্থ), যুগ্ম পরিচালক, উপ পরিচালক (বন্দর) ও ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালককে এ নোটিস পাঠানো হয়েছে।
নোটিসে বলা হয়, দেশের সব লঞ্চ টার্মিনালে আরোপিত টিকেটের দাম (টোল) ১ অক্টোবর থেকে দ্বিগুণ করা হয়েছে। টিকেটের দাম (টোল) ৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ টাকা।
বর্ধিত এই টাকার মধ্যে ২ টাকা যাত্রী কল্যাণে এবং বাকি টাকা টার্মিনালের রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও পরিসেবার কাজে ব্যয় হবে বলে দাবি করা হয়েছে, যা ‘সন্দেহজনক’ বলে মনে করছেন আইনজীবী তালেব।
নোটিসে বলা হয়, “যাত্রী কল্যাণ বা টার্মিনাল ব্যবস্থাপনা-রক্ষণাবেক্ষণে যে ওই টাকা ব্যয় হবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া যাত্রী কল্যাণের বিষয়টিই অস্পষ্ট, এর দৃশ্যমান কোনো কাজ নাই।
“ফলে কোন আইনের অধীনে কোন কর্তৃপক্ষ টিকেটের দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে, তা সাধারণ মানুষকে জানানোর বাধ্যবাধকতা সংশ্লিষ্টদের রয়েছে।”
আইনজীবী আবু তালেব বলেন, “যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্যই টার্মিনালে যায়। সুতরাং, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, বিমান বন্দরে কোনো টোল বা ট্যাক্স ছাড়াই ঢোকার বা প্রবেশ করার স্বাধীনতা যাত্রীদের রয়েছে। ফলে টিকেটের দাম দ্বিগুণ করার সিদ্ধান্তটি সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি এবং অবৈধ।”
নোটিসে বলা হয়, “টিকেটের দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিশ্রুতির পরিপন্থি। যাত্রীসহ দেশের নাগরিকদের কল্যাণ, টার্মিনাল রক্ষণাবেক্ষণ, মেরামত, ব্যবস্থাপনা ও পরিষেবায় সরকার থেকে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়।
“সুতরাং এসব অজুহাতে টিকেটের দাম বাড়ানোর সিদ্ধান্তটি জনমনে সন্দেহের উদ্রেক করছে। একই সঙ্গে তা হতাশা ও অসন্তুষের জন্ম দিয়েছে।”
তাই নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে টিকেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ও টিকেটিং প্রক্রিয়া বাতিল করতে বলেছেন আইনজীবী আবু তালেব। তা না হলে জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন।
