২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ টার্মিনালের টিকেটের দাম দ্বিগুণ হল

সারাদেশে লঞ্চ টার্মিনালগুলোতে ঢোকার টিকেটের দাম দ্বিগুণ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2019, 09:38 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

এখন প্রতিবার ঢুকতে প্রতিজনের ৫ টাকার টিকেট কাটতে হয়। ১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে প্রতি টিকেটে নেওয়া হবে ১০ টাকা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “যে কোনো টোল বা শুল্ক, তা সরকারের অনুমোদনক্রমে চালু করা হয়। এ শুল্ক সরকারের অর্থাৎ অর্থ মন্ত্রণালয় অনুমোদন করার পরে ১ অক্টোবর থেকে এটা চালু হবে।”

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে অনেকগুলো সভা করে চুলচেরা বিশ্লেষণের পর টিকেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

১০ টাকার মধ্যে দুই টাকা যাত্রী কল্যাণ তহবিলে জমা হবে এবং বাকি টাকা টার্মিনাল রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে।

নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদেশে ৩২টি নদীবন্দর থাকলেও ২৮টি নদী বন্দর চালু রয়েছে।