‘এমন কারওয়ান বাজার কেউ কল্পনাও করেনি’
সড়ক ও ফুটপাতের পাশে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ানবাজারে চেহারা পাল্টে গেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযান শেষ হওয়ার পর জনতা টাওয়ার থেকে সোনারগাঁও হোটেলমুখী সড়কে বেড়ে গেছে যান চলাচল।
কাঁচাবাজারের পশ্চিম পাশে মূল সড়কের ওপরে আগে যেখানে ফলের বিপণি বসতো, সেখানে এখন ক্রেতা ও অফিসমুখী মানুষের ব্যক্তিগত গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে।
অভিযান চলাকালে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আদিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমন প্রশস্ত সড়ক কেউ কল্পনাও করেনি। এতো বড় রাস্তা থাকার পরেও কারওয়ানবাজারে পায়ে হেঁটে চলার রাস্তা ছিল না এতোদিন।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সগির হোসেন ও সাজিদ আনোয়ারের নেতৃত্বে সকাল ১১টায় রেললাইনের পাশে ফলপট্টি থেকে অভিযান শুরু হয়।
প্রায় ৩০ বছর আগে শাহ আলী টাওয়ার ও ডিআইটি মার্কেটের মাঝের খোলা জায়গায় গড়ে ওঠা কাঠের দোকান গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে এই দিনের মতো বিকালে শেষ হয় অভিযান।
অভিযানে জনতা টাওয়ারের সামনে থেকে সোনারগাঁও হোটেলের দিকে যাওয়ার রাস্তার দুই পাশে চালানো হয় উচ্ছেদ। এসময় ফুটপাত দখল করে গড়ে উঠা অস্থায়ী সবজি বিক্রেতারা তড়িঘড়ি করে করে তাদের মালামাল নিয়ে সরে যান।
রেললাইনের পাশ থেকে জনতা টাওয়ারমুখী সড়কের দুপাশের ফুটপাতের আড়তগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। প্রচুর তরমুজ, তাল, বেল, পেঁপে ও পেয়ারাসহ বিভিন্ন মওসুমি ফল নষ্ট হয়।
কয়েকদিন আগেই কারওয়ান বাজারসংলগ্ন রেল লাইনের পাশে দেশি ফলের আড়ত গুঁড়িয়ে দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত; কারওয়ান বাজারের কামারপট্টির কিছু কর্মকারের দোকানও উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, স্বাধীনতার আগে থেকেই তারা এই এলাকায় বসে ব্যবসা করছেন। যতজন নির্বাচিত মেয়ার এসেছেন সবার কাছেই একটু বৈধতার জন্য কিংবা পুনর্বাসনের জন্য গিয়েছেন। সর্বশেষ তারা আদালতের দ্বারস্ত হয়েছিলেন।
অভিযানের শুরুতে জনতা টাওয়ারের সামনে ফুটপাত দখল করে ইটের স্থায়ী অবকাঠামোতে গড়ে তোলা জাতীয় যুব সংহতি ও জাতীয় শ্রমিক লীগের কার্যালয় ভেঙে দেওয়া হয়।
পরে টাওয়ারের বিপরীত পাশে স্যোশাল ইসলামী ব্যাংকের নীচে কৃষক লীগ তেজগাঁও থানা শাখা এবং কারওয়ানবাজারে ডিএনসিসির আঞ্চলিক অফিসের দক্ষিণ-পশ্চিম কোণে আওয়ামী লীগের কারওয়ানবাজার শাখা কার্যালয়ও তুলে দেওয়া হয়।
বেলা ২টার পর পেট্রোসেন্টার ও টিসিবি ভবনের উত্তর পাশে ডিআইটি মার্কেট ও শাহ আলী টাওয়ারের মধ্যবর্তী খোলা জায়গায় গড়ে উঠা তিন তলাবিশিষ্ট আধাপাকা কাঠের গুদাম উচ্ছেদ করা হয়।
অভিযানের সময় ক্ষোভ প্রকাশ করে কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ঈসমাঈল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র হানিফ সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে ৩০ বছর আগে ব্যবসা শুরু হয়েছিল। আমরা ট্রেড লাইন্সে নিয়ে বৈধ ব্যবসা করছি।
“আমরা বারবার সিটি করপোরেশনকে রাজস্ব দিতে চেয়েছি।কিন্তু তারা নিতে রাজি হয়নি। তাহলে আমরা কীভাবে অবৈধ হলাম? সামস্যা ব্যবসা করেও খেতে না পারলে আমরা কি তবে ক্যাসিনো চালাবো।”
সেখানে কাঠ ব্যবসার সঙ্গে যুক্ত অন্তত একশ জন মানুষের কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে দাবি করেন ইসমাইল।
অভিযানের ফলে সোনারগাঁওয়ের দিক থেকে রেললাইনের পাশঘেঁষে তেজগাঁওয়ের দিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণ দখলমুক্ত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সগির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলপট্টি এলাকা থেকে অভিযান শুরু হয়েছে। কারওয়ান বাজারে সিটি করপোরেশনের সব রাস্তা ও ফুটপাতের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তবেই অভিযান শেষ হবে।
এর আগে বেলা ১টায় উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারওয়ান বাজারের রাস্তা ও ফুটপাত অবৈধ স্থাপনামুক্ত রাখতে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হবে।
“প্রয়োজনে আজকেই এই মনিটরিং টিম গঠন করা হবে।যেসব এলাকায় আজকে উচ্ছেদ অভিযান হয়েছে, সেখানে রাস্তা ও ফুটপাত যেন আর পুনর্দখল না হয় তারা নিয়মিত খোঁজখবর রাখবে।”
উচ্ছেদ অভিযান শেষ না হওয়া পর্যন্ত কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে অবস্থানের ঘোষণা দেন তিনি।
সিটি করপোরেশনের একজন কর্মকর্তা জানান, বেলা তিনটার কিছু সময় পরে আজকের দিনের মতো অভিযান শেষ করা হয়। চার ঘণ্টার এই অভিযানে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
