২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী পালনে নানা কর্মসূচি

বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের সহচর, দিনাজপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এম আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 09:32 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় তার কবরে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পাশাপাশি কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রক্তদান কর্মসূচি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে সাধারণ জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। শুক্রবার জুমার নামাজের পর দিনাজপুর সদর উপজেলা ও শহরের প্রতিটি মসজিদে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে।

গত ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্গন, রচনা, আবৃতি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এম আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

আগামী ১৩ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে; যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আব্দুর রহিম হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাবা।

২০১৬ সালে ৪ সেপ্টেম্বর ৯০ বছর বয়সে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই রাজনীতিকের জন্ম ১৯২৭ সালের ২১ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে।

ছাত্র অবস্থায় আব্দুর রহিম ভাষা আন্দোলনে যুক্ত হন। রাজশাহী কলেজের শহীদ মিনার নির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

ঐতিহাসিক আগরতলা মামলার লিগ্যাল এইড কমিটির সদস্য আব্দুর রহিম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

স্বাধীনতা যুদ্ধের সময় বৃহত্তর দিনাজপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। একাত্তরে মুজিবনগর সরকার এম আব্দুর রহিমকে পশ্চিম জোনের চেয়ারম্যান-১ নিযুক্ত করে।

আব্দুর রহিম স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করা আব্দুর রহিম ১৯৯১ সালে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আব্দুর রহিমকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক (মরণোত্তর)’ এ ভূষিত।

পুরনো খবর:

সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিমের মৃত্যু