২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ইন্টারপোলের কর্মশালা

ইন্টারপোলের তত্ত্বাবধানে ১১ দেশের পুলিশ কর্মকর্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ঢাকায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 01:05 AM

Updated : 18 Aug 2022, 05:43 PM

পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহম্মদ মারুফ হাসান রোববার ‘ইন্টারপোল পুলিসিং ক্যাপাবিলিটিস প্রোগ্রাম ফর এশিয়া অ্যান্ড সাউথ প্যাসিফিক’ শীর্ষক এই আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বলা হয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহুজাতিক অপরাধ মোকাবেলা, প্রচলিত পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, এসব অঞ্চলের কর্মকর্তাদের সহযোগিতা বৃদ্ধি এবং পুলিশি সেবার অনুশীলন সম্পর্কে মতবিনিময় করাই ‘ইন্টারপোল পুলিসিং ক্যাপাবিলিটিস প্রোগ্রাম ফর এশিয়া অ্যান্ড সাউথ প্যাসিফিক’ শীর্ষক এই আন্তর্জাতিক কর্মশালার উদ্দেশ্য। 

মারুফ হাসান বলেন, “সময়োপযোগী এ ধরনের প্রশিক্ষণ আন্তঃরাষ্ট্রীয় বন্ধন, সহযোগিতা এবং আঞ্চলিক বন্ধুত্ব দৃঢ় করতে ভূমিকা রাখবে।”

ইন্টারপোলের ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং (সিবিটি) পরিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ম্যাগালিঙ্গম ভিমান বলেন, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় ও সুসংহত করার উদ্দেশ্যেই এ প্রশিক্ষণ।

“যাতে করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সন্ত্রাস, মানবপাচার, অস্ত্র ও মাদক পাচার রোধে পারস্পারিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানো যায়।”

পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভাইস রেক্টর মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী।

ভারত, পূর্ব তিমুর, ব্রনেই, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, উজবেকিস্থান, জাপান, নিউজিল্যান্ড ও বাংলাদেশের মোট ১৮জন পুলিশ কর্মকর্তা এই কর্মশালায় অংশ নিচ্ছেন।

জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, ফ্রান্স ও নিউজিল্যান্ডের চারজন প্রশিক্ষক এই কর্মশালা পরিচালনা করছেন। আগামী ৫ সেপ্টেম্বর কর্মশালার সমাপনী অনুষ্ঠান হবে।