২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পুলিশের উপর হামলায় আইএসের ‘দায় স্বীকার’

ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশের উপর হাতবোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের দায় স্বীকারের খবর এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 11:04 AM

Updated : 10 Oct 2022, 09:20 PM

পুরনো খবর:

মন্ত্রী যাওয়ার পথে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত
তাকে নয়, পুলিশকে লক্ষ্য করেই হামলা: ধারণা মন্ত্রী তাজুলের

এদিকে ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হলেও তাতে কাউকে আসামি করা হয়নি।

শনিবার রাত সোয়া ৯টার দিকে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ধানমণ্ডিতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সায়েন্স ল্যাব মোড় পেরিয়ে সিটি কলেজের সামনের রাস্তায় ঢোকার আগে পুলিশ বক্সের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। তাতে মন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত একজনসহ দুজন পুলিশ সদস্য আহত হন।

জঙ্গি কর্মকাণ্ডের উপর নজর রাখা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলেছে, বাংলাদেশের রাজধানীতে এই বোমা হামলা আইএস চালিয়েছে বলে সংগঠনটি দাবি করেছে।

২০১৬ সালে গুলশান হামলার পর সাঁড়াশি অভিযানে জঙ্গিরা কোনঠাসা হয়ে পড়লেও সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে ছোটখাটো কয়েকটি হামলার ঘটনা ঘটেছে এবং এরপর আইএসের নামে দায় স্বীকারের বার্তাও এসেছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে আসা বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা এসব ঘটনায় আইএসের জড়িত থাকার কথা উড়িয়ে দিলেও কারা এগুলো ঘটিয়েছে, সেটাও বের করতে পারেনি।

শনিবারের ঘটনাও আইএসের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছে না পুলিশ সদর দপ্তর।

পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশীয় জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এরপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

সম্প্রতি এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর মতো এক্ষেত্রেও হাতে তৈরি বোমা ব্যবহার করা হয়েছে প্রাথমিকভাবে পর্যবেক্ষণে দেখা গেছে বলে জানান তিনি।

পুলিশকে লক্ষ্য করেই হামলাটি হয়েছে জানিয়ে সোহেল রানা বলেন, ঘটনার পর পুলিশের সব ইউনিটে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

শনিবারের ঘটনায় রাতেই নিউ মার্কেট থানায় একটি মামলা করেছে পুলিশ।

নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।”

মামলায় সুনির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি জানিয়ে তিনি বলেন, “আমরা তদন্ত শুরু করেছি।”