২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশার ধাক্কায় বাইক চালক বাসের চাকায় পিষ্ট

ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটর সাইকেল চালক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2019, 05:20 PM

Updated : 08 Apr 2022, 04:39 PM

হেমায়েত হোসেন (৩৫) নামে ওই ব্যক্তি অটোরিকশার ধাক্কায় ছিটকে বুয়েটের একটি বাসের নিচে পড়েন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার দুপুরে এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

পুলিশ বাসচালক আকিবেল ইসলাম (৫০)কে আটক করেছে বলে জানিয়েছেন রামপুরা থানার এসআই ইয়াকুব আলী।

বরিশালের মেহেদীগঞ্জের হেমায়েত এক ছেলে ও এক মেয়ের জনক। ইনটেরিয়র ডিজাইনার হেমায়েতের নিজস্ব অফিস রয়েছে রামপুরায়।

হেমায়েতের চাচাত ভাই মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটর সাইকেলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় বাসচাপায় নিহত হন তার ভাই।

এসআই ইয়াকুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সোয়া ২টার দিকে চৌধুরীপাড়া এলাকায় একটি সিএনজির সঙ্গে হেমায়েতের মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে সে ছিটকে রাস্তার উপর গিয়ে পড়ে। এসময় বুয়েটের শিক্ষার্থীদের বহনকরী একটি বাসের পেছনের চাকা হেমায়েতের মাথার উপর দিয়ে চলে যায়।”

বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হেমায়েতের মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা ইয়াকুব বলেন, “দুর্ঘটনার পর বুয়েটের শিক্ষার্থীদের সাথে স্থানীয় জনগণের কিছুটা উত্তেজনা দেখা দিলেও পুলিশের উপস্থিতিতে তা বেশি দূর গড়ায়নি।”