নারায়ণগঞ্জের ৪৯ হাজার ইয়াবার মামলায় আরও তদন্তের নির্দেশ
দুই পুলিশ সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলামের নাম আসার পরেও অভিযোগপত্রে তাকে আসামি না করায় ৪৯ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আদালত আগামী দুই মাসের মধ্যে ওই তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী। আসামি কনস্টেবল মো. আসাদুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ।
আদালত আদেশে বলেছে, “ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দিতে নাম আসার পরেও নারায়ণগঞ্জ সদর থানার তখনকার ওসি কামরুল ইসলামকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা মনে করি এই অভিযোগপত্র ত্রুটিপূর্ণ। এ কারণে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হল।”
পরে আইনজীবী ফরহাদ আহমেদ সাংবাদিকদের বলেন, “আদালত আসাদুজ্জামানকে জামিন দেননি। দুই মাসের মধ্যে এ মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন।”
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই আলম সরোয়ার্দী রুবেলকে গত বছর ৭ মার্চ বন্দর থানার রূপালী আবাসিক এলাকার বাসা থেকে ৪৯ হাজার ইয়াবা ও টাকাসহ গ্রেপ্তার করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মাসুদ রানা। পরদিন বন্দর থানায় চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলা করা হয়।
মামলা হওয়ার পর পুলিশ কনস্টেবল আসাদুজ্জামানসহ কয়েকজনকে আটক করা হয়। পরে সরোয়ার্দী ও আসাদুজ্জামানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওসি কামরুল ইসলামের নাম উঠে আসে।
কিন্তু ওসির নাম বাদ দিয়েই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আল আজাদ।
এ মামলায় জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন কনস্টেবল আসাদুজ্জামান। গত ২৪ ফেব্রুয়ারি তার জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিতে ওসিকে বাদ দেওয়ার বিষয়টি হাই কোর্টের নজরে আসে।
ওসিকে কেন এ মামলায় আসামি করা হয়নি এবং কেন এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি, সে ব্যাখ্যা জানতে মামলার তদন্ত কর্মকর্তাকে ২৬ ফেব্রুয়ারি তলব করা হয়।
সে অনুযায়ী গত ২৬ ফেব্রুয়ারি মেহেদি মাকসুদ হাজির হয়ে হাই কোর্টকে বলেন, এ মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আজাদকে।
পরে হাই কোর্ট অতিরিক্ত পুলিশ সুপারকে ৪ মার্চ হাজির হতে নির্দেশ দেয়। সে অনুযায়ী গত ৪ মার্চ অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আজাদ হাই কোর্টে হাজির হন।
আদালত সেদিন শুনানি নিয়ে তদন্ত কর্মকর্তাকে মামলাটির তদন্ত এক মাসে শেষ করতে এবং ওসি কামরুল ইসলামকে সদর থানা থেকে প্রত্যাহারের আদেশ দেয়।
সেদিন আদালত কনস্টেবল আসাদুজ্জামানকে জামিন না দিয়ে তার আবেদনটির নিষ্পত্তি করে দেয়। আর আগে জারি করা যে রুলটি নিষ্পত্তির অপেক্ষায় ছিল, তার ওপর শুনানি শেষে বৃহস্পতিবার রায় দিল আদালত।
