২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র সম্মেলনে যোগ দিতে আতিক জার্মানিতে

আন্তর্জাতিক মেয়র সম্মেলনে যোগ দিতে জার্মানি গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 07:12 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

বৃহস্পতিবার বেলা ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জার্মানির উদ্দেশে যাত্রা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসিসি।

জার্মানির ডুসেলডর্ফ শহরে ৩০ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন এ সম্মেলন চলবে। বিভিন্ন দেশের ৪২টি শহরের মেয়র এতে অংশ নেবেন। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলসহ জার্মানির মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও সম্মেলনে উপস্থিত থাকবেন।

সম্মেলনের পাঁচটি অধিবেশনে পাঁচটি বিষয়ে আলোচনা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরকে কীভাবে আরও স্বাস্থ্যসম্মত করা যায়, বিশেষ করে নারী, শিশু, বয়ষ্ক মানুষদের জন্য পার্ক, খেলার মাঠ উন্নয়ন ও সবুজায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে স্বাস্থ্যসম্মত নগরী নির্মাণ বিষয়ে একটি অধিবেশনে বক্তব্য রাখবেন মেয়র আতিক।

ডুসেলডর্ফ শহরের মেয়র তার শহরকে ঢাকা শহরের ‘পার্টনার সিটি’ হিসাবে প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।