শহীদ পরিবারের জমি দখল: পুলিশের উপ-কমিশনার ইব্রাহীম বরখাস্ত
‘অসদাচরণের’ দায়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বর্তমানে পুরান ঢাকার ওয়ারি বিভাগের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তা গত বছর পুলিশের লালবাগ বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। সে সময় নবাবপুর রোডে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শহীদ একেএম সামসুল হক খানের পরিবারের নামে বরাদ্দ করা জমি দখল করে ভবন ভেঙে ফেলা ও মালামাল লুট হয়, যা ঠেকাতে ভূমিকা না রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ১২(১) ধারা অনুযায়ী ইব্রাহীম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হল, তা জানতে স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং উপ-কমিশনার ইব্রাহীম খানকে একাধিকবার ফোন করেও তাদের সাড়া পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানার পরেও শহীদ পরিবারের জমি দখল ঠেকাতে ভূমিকা না রাখার ওই ঘটনায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত জুন মাসের শেষ দিকে ওয়ারি বিভাগের দায়িত্বে আগ পর্যন্ত লালবাগের দায়িত্বে ছিলেন ইব্রাহীম খান।
গত বছর ২৮ সেপ্টেম্বর সেখানকার বংশাল থানা এলাকার নবাবপুর রোডের ওই বাড়ি দখল ও লুটপাটের ঘটনায় ইব্রাহীমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ মহাপরিদর্শক আমিনুল ইসলাম।
তদন্তে উপ-কমিশনার ইব্রাহীমের অসদাচরণের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
১৯৭১ সালে কুমিল্লার জেলা প্রশাসক একেএম সামসুল হক খানকে ময়নামতি ক্যান্টনমেন্টে নিয়ে হত্যা করা হয়। ২০১০ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয় সরকার।
মরণোত্তর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শহীদ একেএম সামসুল হক খানের স্বজনদের এই বাড়ি সন্ত্রাসীরা দখল করে তিন তলা ভবন ভেঙে নতুন ভবন তৈরির কাজ শুরু করলেও কিছু করেনি পুলিশ
গত ওই ঘটনার পর সামসুল হক খানের নাতি শামসুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতি বছর তারা নিয়মিত লিজের টাকা পরিশোধ করে আসছেন। ২০১৭ সালেও লিজ মানির এক লাখ চব্বিশ হাজার ছয়শ পঁচাত্তর টাকা পরিশোধ করেছেন।
“শেখ জাবেদ উদ্দিন নামে স্থানীয় এক ব্যবসায়ীসহ কয়েকজন ওই জমি আর বাড়ি দখলের জন্য দীর্ঘদিন ধরে আমাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। এ ব্যাপারে থানায় একাধিকবার জিডিও করা হয়েছে। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জাবেদের লোকজন জমি দখল করে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।”
ওই ঘটনার পরদিনই তারা এ বিষয়ে বংশাল থানায় মামলা করেন বলে জানান শামসুল হাসান।
“আমরা থানায় মামলা করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ডিসির কাছে আবেদন করা হলেও কোনো সাড়া পওয়া যায়নি,” বলেছিলেন তিনি।
এ ঘটনা তদন্তের পর উপ-কমিশনার ইব্রাহীমের কাছে ব্যাখ্যা তলব করে অতিরিক্ত উপমহাপরিদর্শক আমিনুল ইসলাম যে চিঠি পাঠান তাতে লেখা হয়, “উল্লিখিত সম্পত্তির বৈধ দখলকারীকে বেআইনিভাবে উচ্ছেদপূর্বক তথায় অবস্থিত তিন তলা একটি বিল্ডিং সম্পূর্ণভাবে ভেঙে অবৈধভাবে দখলসহ উক্ত স্থানে নতুন করে নির্মাণ কাজ অব্যাহত রাখার ব্যাপারে আপনি জ্ঞাত হওয়া সত্ত্বেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি বা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেননি।
“আপনি সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার পরিচয় দিয়েছেন যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি নং- ২(খ) এর সংজ্ঞা অনুসারে অসদাচরণ হিসেবে পরিগণিত।”
২৪তম বিসিএসের কর্মকর্তা ইব্রাহীমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তিনি বড় হয়েছেন চট্টগ্রামে।
