২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৪৩ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রাজধানীর তুরাগ এলাকা থেকে ৪৩ হাজার ৫০টি ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 02:20 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

র‌্যাবের দাবি, গ্রেপ্তার আসমা বেগম মুন্নী (৩৪) ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী।

সোমবার র‌্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকালে তুরাগ থানার উত্তর খায়েরটেক এলাকার একটি বাড়িতে ইয়াবা বেচাকেনার গোপন খবর পায় র‌্যাব।

ব্লক ‘এ’র ২৯ নম্বর টিনশেড বাড়ির সামনে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালাতে থাকে। সে সময় আসমাকে আটক করে। পরে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৩ হাজার ৫০টি ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আসমা ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলার পর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়।

মাদক আইনে করা সেই মামলায় পুলিশ আসমাকে সাতদিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম একদিনের রিমান্ডের আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন।