২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের রেল সূচিতে বিপর্যয়, বিশেষ ট্রেন বাতিল

ট্রেনের অব্যাহত সূচি বিপর্যয়ে নাভিশ্বাস উঠেছে উত্তর ও দক্ষিণ-পশ্চিমের তিন বিভাগের যাত্রীদের; এই বিপর্যয়ের মধ্যে বাতিল করা হয়েছে ঈদের বিশেষ ট্রেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2019, 01:23 PM

Updated : 10 Oct 2022, 09:18 PM

পুরনো খবর:

কমলাপুরে অপেক্ষা যেন ফুরায় না
আনন্দের ঈদযাত্রা ‘পরিণত যন্ত্রণায়’

সেজন্য দুঃখ প্রকাশ করেছে রেল সচিব মোজাম্মেল হোসেন বলেছেন, যাত্রা বাতিল হওয়া লালমনি স্পেশালের যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেওয়া হবে।

ঈদের ছুটি শুরু হয়েছে রোববার। তার আগে শুক্র ও শনিবার দুই ছুটির দিনই বাড়ির পথ ধরতে গিয়ে শিডিউল বিপর্যয়ে বিপাকে পড়তে হয়েছে উত্তর ও দক্ষিণ-পশ্চিমের রেলযাত্রীদের।

এর মধ্যে শুক্রবার ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে লাইনচ্যুত হলে ট্রেন বন্ধ থাকে সাড়ে তিন ঘণ্টা।

শনিবার রেল কর্তৃপক্ষ বলেছিল, সুন্দরবনের ওই দুর্ঘটনাই সূচি বিপর্যয় ডেকে এনেছে। বঙ্গবন্ধু সেতু পার হয়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে যেসব ট্রেন যায়, তার সবগুলোই কম বেশি বিলম্বিত হয়েছে।

আর রোববার পরিস্থিতি আরও খারাপ হওয়ার পর রেল সচিব বলেছেন, ওই দুর্ঘটনার পাশাপশি অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রেনগুলো নির্ধারিত গতিতে যেতে পারছে না। আর সময়মত কমলাপুরে না ফেরায় সূচি ঠিক রাখা সম্ভব হচ্ছে না। 

যাত্রা বিলম্বিত হতে হতে শেষ পর্যন্ত শিডিউল মেলাতে না পেরে ঈদের বিশেষ ট্রেন লালমনি স্পেশালের যাত্রা বাতিলই করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার সকাল সোয়া ৯টায় যাত্রী নিয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল এই ট্রেনের।

লালমনি স্পেশালের যাত্রীদের জন্য অন্য কোনো ট্রেনের ব্যবস্থা করা হবে কি না সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি স্টেশন মাস্টার আমিনুল হক।

এদিকে পঞ্চগড় এক্সপ্রেস কখন ঢাকা আসবে তার ঠিক না থাকায় এ ট্রেনের যাত্রীদের তুলে দেওয়া হয়েছে একতা এক্সপ্রেসে।

রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস, খুলনার চিত্রা এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস বিকল্প রেক (ট্রেন) দিয়ে চালানো হবে বলে জানিয়েছেন রেল সচিব।

সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের পথের ট্রেনগুলো মোটামুটি ঠিক সময়ে ছেড়ে গেলেও রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব ট্রেনই শনিবার বিলম্বিত হয়। কোনো কোনো ট্রেনের জন্য যাত্রীদের কমলাপুরে অপেক্ষায় থাকতে হয় সারা দিন।

রোববার সেই পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছাড়ার কথা ছিল। সেই ট্রেন সন্ধ্যা ৬ থেকে ৭টার মধ্যে ছাড়তে পারে বলে আশা দিচ্ছেন রেল কর্মকর্তারা। 

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১২টা পর্যন্ত ট্রেনটি ঢাকায় ফেরেনি। রাত ১২টার মধ্যে যদি ট্রেনটি ঢাকায় ফেরে তাহলে আবার যাত্রী নিয়ে রওনা হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

পদ্মা এক্সপ্রেসের ঢাকা ছাড়ার কথা ছিল শনিবার রাত ১১টা ১০ মিনিটে। সূচি বদলে প্রথমে রোববার সকাল ৮টা এবং পরে বেলা ১১টায় সময় দেওয়া হয়। কিন্তু তারপরও ট্রেনটি ঢাকায় না ফেরায় বিকল্প ট্রেন দিয়ে পদ্মার যাত্রীদের পাঠানোর কথা বলে রেলওয়ে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বেলা পৌনে ১টায় কমলাপুর এসে দেড়টায় ছেড়ে যায় ট্রেনটি।

খুলনাগামী সুন্দরবান এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার নতুন সময় ঠিক করা হয়েছে দুপুর ১টা ৪০ মিনিটে।

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস রোববার সকাল ১০টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়ে যায় বেলা সোয়া ১টায়।

শুক্রবার কমলাপুর ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস রোববার দুপুর পর্যন্ত না ফেরায় এ ট্রেনের অনেক যাত্রীকে একতা এক্সপ্রেসে তুলে দেওয়া হয়। এতে প্রচণ্ড যাত্রীচাপে পড়ে ট্রেনটি। 

পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রী সুবর্ণা আক্তার বলেন, “গতকাল সারা দিন রাত অপেক্ষা করার পর বলা হল পঞ্চগড় এক্সপ্রেস আসবে না। যেতে চাইলে একতা এক্সপ্রেসে যেতে হবে। বাধ্য হয়ে এই ট্রেনে উঠেছি। সিট পাইনি। বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েই যেতে হবে। ”

একতা এক্সপ্রেসের যাত্রী মো. আলম বলেন, “এমনিতেই তো যাত্রী বেশি। তার ওপর অন্য ট্রেনের যাত্রীরা এসে ওঠায় চাপ আরও বেড়েছে। বসে থাকাও দায়।”

রেল সচিব মোজাম্মেল কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি দেখতে এসে সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো একবার পরীক্ষা করে দেখা হয়। সেখানে বেশ কিছুক্ষণ দেরি হয়।

“ঈদের মওসুমে আমাদের ট্রেনগুলো এমনিতেই ৩-৪ ঘণ্টা দেরি করে। সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সেই সময়টা ৮-১০ ঘণ্টা হয়ে গেছে। অনেকগুলো ট্রেন সিঙ্গেল ট্র্যাকে চলে, সে কারণে গিয়ে আবার সময়মত ফেরত আসতে পারছে না।

“অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনগুলো দুর্ঘটনা এড়াতে নির্ধারিত গতির চেয়ে ধীরগতিতে চলছে। শিডিউল বিপর্যয়ের এটাও কারণ।”

যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে সচিব বলেন, “অনেকেই হয়তো ঈদে বাড়ি যেতে পারবেন না। এজন্য দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় সব যাত্রীদের নিরাপদে বাড়িতে নিয়ে যেতে চাই।”

এদিকে সূচি বিপর্যয়ের সঙ্গে সঙ্গে ‘ট্রেন ট্র্যাকিং মনিটরিং সিস্টেম’ও কাজ করছে না। ফলে কমলাপুরে অপেক্ষায় থাকা যাত্রীরা   ১৬৩১৮ নম্বরে এসএমএস করে ট্রেনের অবস্থান জানতে পারছেন না।

রাজশাহীর যাত্রী আতিকা আক্তার বলেন, “সকাল ৮টা থেকে মেসেজ দিচ্ছি, কিন্তু কোনো রেজাল্ট দেখাচ্ছে না। ট্রেন কখন ছাড়বে জানতে পারলাম না। এখন স্টেশনে এসে জানলাম, ভোর ৬টার ধূমকেতু ছাড়বে সন্ধ্যা ৭টার দিকে।”

চিলাহাটির যাত্রী আশরাফুল ইসলাম বলেন, তিনি শনিবার রাত থেকে এসএমএস পাঠিয়ে ট্রেনের অবস্থান জানার চেষ্টা করছেন। কিন্তু ফিরতি মেসেবে বলা হচ্ছে ‘ডেটা আনএভেইলেবল’।

“তার মানে কি ট্রেন হারিয়ে গেলো?  স্টেশনে এসে দেখি বলছে সকাল ৮টার নীলসাগর ছাড়তে রাত হয়ে যাবে।”

ট্রেন ট্র্যাকিং মনিটরিং সিস্টেমে গোলযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রেল সচিব মোজাম্মেল বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

যাত্রা বাতিল হওয়া লালমনি এক্সপ্রেসের কোনো কোনো যাত্রী টিকেটের টাকা ফেরত না পাওয়ার অভিযোগ করেন।

এ বিষয়ে রেল সচিব বলেন, “আমি নিজেই পর্যবেক্ষণে যাব। আমরা বলেছি টাকা ফেরত দেওয়া হবে, তার মানে দেওয়া হবে। এর অন্যথা হবে না।”