২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, চাই সচেতনতা: জালাল

ডেঙ্গু রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2019, 01:06 AM

Updated : 18 Aug 2022, 05:37 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের আহ্বায়ক মোস্তফা জালাল মহিউদ্দিন।

তিনি বলেন, “ডেঙ্গু রোগ শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় ১২৬টি দেশে বিস্তার লাভ করেছে। বিষয়টি এ মুহূর্তে আমাদের জাতীয় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে।

“দেশের জনগণের কাছে আমাদের একটিই আবেদন, আপনারা আতঙ্কিত হবেন না। যদি জ্বরে আক্রান্ত হন তবে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের উপর আস্থা রাখবেন। বিচলিত না হয়ে দৃঢ়তার সাথে কাজ করলেই এই দুর্যোগ থেকে আমরা পরিত্রাণ পাব।”

বিএমএ ভবনের নিচতলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলেও জানান চিকিৎসকদের বিধিবদ্ধ সংগঠনটির সভাপতি জালাল মহিউদ্দিন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থানকালীন সময়েও ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে সংশ্লিষ্টদের যাবতীয় দিক-নির্দেশনা দিয়েছেন। তিনি আওয়ামী লীগকে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন।

“আমরা ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠন করেছি। বর্তমানে বিএমএ ভবনের নিচ তলায় কন্ট্রোল রুম খুলেছি। কেউ কোনো সহায়তা চাইলে কন্ট্রোল রুমে উপস্থিত ব্যক্তিরা তাদের সহায়তা দিচ্ছেন।”

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ সেলের অন্যান্য সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।