বৃষ্টিতে যানজট, নাকাল নগরবাসী
কোরবানির ঈদের আগে শেষ কর্মদিবসে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানজটে নাকাল হতে হয়েছে নগরবাসীকে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে ঈদযাত্রার গাড়ি ধরতেও ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে।
আবহাওয়া অধিদপ্তর এদিন ঢাকায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর এই বৃষ্টিতে ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক, সোনারগাঁও ক্রসিং, পান্থপথ, মহাখালী, শান্তিনগর, উত্তরা, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হওয়ার তথ্য দিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ।
সড়কে হাঁটু পানি জমে যাওয়ায় নগর পরিবহনের বাসগুলোকে খিলক্ষেতের ফুটব্রিজের নিচে এসে যাত্রী তুলতে দেখা যায়। বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে মোটরবাইক চালকরাও জড়ো হয়েছিলেন সেখানে। তাতে যানবাহনের জটলা লেগে যায়। তার প্রভাব পড়ে দীর্ঘ সড়কে।
স্বজনদের সঙ্গে কোরবানির ঈদ করতে বৃহস্পতিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বৃষ্টিতে ভিজে চট্টগ্রাম ছাড়ছে মানুষ। ছবি: সুমন বাবু
এই পথ পার হওয়ার সংগ্রামে থাকা অটোরিকশা চালক মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বামে তো পানি জইম্যা আছে। পানির মইধ্যে দিয়া চালাইলে ইঞ্জিনে পানি ঢুইক্যা বারোডা বাজায়া ছাড়ব। ডাইন দিক যাইতাসি, ফ্লাইওভারে উঠমু।”
বনানী ফ্লাইওভার থেকে নেমে কাকলী মোড়ের দিকে এগোতেই নৌবাহিনীর সদর দপ্তরের সামনে পানি জমে থাকতে দেখা যায়। সেখানেও যানবাহন চলছিল এক লেইন ধরে। বনানী রেলস্টেশন থেকে নৌবাহিনীর সদর দপ্তর যাওয়ার পথে অর্ধেক সড়ক ডুবে ছিল হাঁটু পানিতে।
বর্ষার বিদায়ের শেষ বেলায় কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানীর কারওয়ানবাজার। বৃহস্পতিবার দুপুরের চিত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন
ফেইসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্ট- এ শাহরিয়ার খান ধানমণ্ডি-২৭ নম্বর সড়কের রাপা প্লাজা মোড়ে জলাবদ্ধতার ছবি দিয়েছেন। গ্রিন রোডে হাঁটু পানি জমে থাকার ভিডিও পোস্ট করেছেন শাহরিন জামান।
ফয়সাল জামান সাগর লিখেছেন, “বিকাল ৩টায় ফার্মগেইট থেকে বের হয়ে তিন ঘণ্টায় জিগাতলা এসেছি। পুরো সড়ক যেন হাওড়।”
পরিবারের সঙ্গে ঈদ করতে ট্রেনের ছাদে করে বৃষ্টিতে ভিজে বাড়ির পথে মানুষের যাওয়ার এই ছবি ঢাকা বিমান বন্দর রেলস্টেশনের।
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকেই বৃহস্পতিবার বিকালে পরিবার পরিজন নিয়ে রওনা হয়েছেন ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। নির্ধারিত সময়ে বাস ধরতে কাকভেজা হয়েই তাদের টার্মিনালে ছুটতে হয়েছে।
বর্ষার বিদায়ের শেষ বেলায় বৃহস্পতিবার দুপুরে কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা বাজার। ছবি: আব্দুল্লাহ আল মমীন
মিরপুর ১ নম্বর গোল চত্বর থেকে পাইকপাড়া পর্যন্ত রাস্তার পূর্বপাশে হাঁটু পানি জমে যায় দুপুরে। ওই সময় মিরপুর থেকে টেকনিক্যালগামী যানবাহনগুলোকে এক লেইনে পথ চলতে দেখা যায়।
এনআরবি ব্যাংকের কর্মকর্তা প্রশান্ত সাহা জানান, ভারী বৃষ্টি হওয়ায় মতিঝিল ও গুলিস্তান এলাকাতেও ছিল প্রচণ্ড যানজট। বিকাল ৫টায় রওনা হয়ে রাত সাড়ে ৮টায় মেরুল বাড্ডায় পৌঁছাতে পেরেছেন তিনি।
