২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ক্রিকেট: আশা জাগিয়েও পাকিস্তানের কছে হার

শারীরিক প্রতিবন্ধীদের পাঁচ জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় খেলায় জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ।

সুলাইমান নিলয়

ইংল্যান্ডের উস্টার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 08:28 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

এই হারের মধ্যদিয়ে এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল।  

বৃহস্পতিবার বার্ন্ট গ্রিন ক্রিকেট ক্লাব মাঠে এই খেলায় টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং বেছে নেয়। 

পরপর দুই ম্যাচে হারের পার এই ম্যাচে জেতার জন্য মরিয়া ছিল পুরো দল। শারীরিক ভাষাও ছিল অন্য দিনগুলোর চেয়ে আলাদা। 

শুরুর দিকে বাংলাদেশের বোলাররা চেপে ধরা শুরু করলেও পরপর দুটো ক্যাচ মিস করে দলের ফিল্ডাররা। সব মিলিয়ে পাঁচটি ক্যাচ মিস করে বাংলাদেশ। ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩০।

নাগালে থাকা লক্ষ্য অর্জন করে জয়ের জন্য আশাবাদী ছিল বাংলাদেশ। 

প্রথম ওভারেই দৃষ্টিনন্দন ছয়ে দারুণ সূচনা করেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ভূঁইয়া। তবে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়। এরপর তানভিরুল ইসলাম মাঠে নামেন। দ্রুত তাকে ফেরান আব্দুল্লাহ ইজাজ। 

আব্দুল্লাহ ইজাজের বলে বোল্ড হয়ে ফেরার পর মোহাম্মদ কাজল হোসেন নামেন। উদ্বোধনী ব্যাটসম্যান শরিফুল ইসলামের সঙ্গে থিতু হতে হতেই তিনি আউট হয়ে যান।

এরপর নামেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শামীম শাহরিয়া। তিনি থিতু হতে না হতেই বোল্ড হয়ে ফিরতে হয় শরিফুলকে। 

পাঁচ ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৩১। এ সময় ব্যাট করতে নামেন দলের অধিনায়ক দ্রুপম পত্রনবিশ তীর্থ। 

সপ্তম ওভারের শেষ বলে শামীম শাহরীয়া যখন আউট হয়ে যান, তখন দল মোটামুটি বিপর্যয়ের মুখে। দলের সংগ্রহ তখন দাঁড়ায় ৩৭-এ। 

এরপর ব্যাটিংয়ে ফিরে আসেন জাভেদ ভুঁইয়া। আস্তে আস্তে দলের ছন্দে ফেরাতে থাকেন ব্যাটিংয়ের দুই প্রান্তে থাকা অধিনায়ক এবং সহ-অধিনায়ক।

১১ ওভার ৫ বলের সময় ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ততক্ষণে তার নিজের খাতায় ছিল ২৬ রান, আর দলের সংগ্রহ দাঁড়ায় ৬৩-তে। 

এরপর দলের পক্ষে ব্যাট করতে নামেন মাহফুজ। জাভেদ-মাহফুজ দলকে নিয়ে যায় ৯৯ রানে। ওই সময় রান আউট হন মাহফুজ। 

এরপর নামেন মনির হোসেন। ১০২ রানের মাথায় তিনিও ফিরে আসেন। পরপর দুই উইকেটের পতনে দল পড়ে বিপর্যয়ে। 

এরপর নামেন মনিরুজ্জামান। দৃষ্টিনন্দন একটি ছয়ে রানের স্থবিরতা কাটলেও শেষ ওভারে ১৫ রানের দরকার হয়।

এই ওভারে জাভেদ তিনটি লং শট খেললেও সীমানার কাছ থেকে আটকে দেয় পাকিস্তানের ফিল্ডাররা। শেষ পর্যন্ত এই ওভারে তিন রানে সন্তুষ্ট থেকে আরেকটি পরাজয়ের মুখে পড়তে হয় বাংলাদেশ দলকে। 

পাকিস্তানের পক্ষে ৪১ রান এবং ৪ উইকেট নেয়া আবদুল্লাহ ইজাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

বাংলাদেশের পক্ষে জাভেদ ভুঁইয়া সর্বোচ্চ ৫১ রান সংগ্রহ করেন।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) উদ্যোগে ৫ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে ৫ দল অংশ নিচ্ছে। অন্য দলগুলো হচ্ছে, ইংল্যান্ড, ভারত ও আফগানিস্তান।

এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে প্রতিটি দলের চারটি করে ম্যাচ রয়েছে।

এরমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি ফাইনালে চলে যাবে। দ্বিতীয় এবংতৃতীয় স্থান পাওয়া দুই দলের মধ্যে সেমি ফাইনাল হবে। এই খেলায় জেতা দল ফাইনালে খেলতে যাবে। 

গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে এবং তিনটিতেই হেরে গেছে। এর মাধ্যমে শেষ হয়ে গেছে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্নও।