২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান হামলায় তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় সাক্ষ্য দিলেন তিন পুলিশ কর্মকর্তা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 11:11 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

এরা হলেন- পরিদর্শক হুমায়ুন কবীর, এসআই মো. জয়নুল আবেদীন ও কনস্টেবল মো. আশরাফুল আলম। এদের মধ্যে হুমায়ুন কবির মামলাটি তদন্ত করেছেন। বাকি দুজন এই মামলার জব্দকৃত আলামতের সাক্ষী।

মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২০ অগাস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন।

এ নিয়ে মামলায় ৮৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল।

সাক্ষ্য গ্রহণকালে আসামি মামুনুর রশীদ ওরফে রিপন, শফিকুল ইসলাম ওরফে খালেদ, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। জঙ্গিদের গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন।

পরদিন কমান্ডো অভিযানে নিহত হন হামলাকারী পাঁচ তরুণ- রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাজ ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।

দুই বছরের বেশি সময় ধরে তদন্তের পর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির গত ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

চিহ্নিত বাকি ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।

গত ২৬ নভেম্বর বিচারক মো. মুজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলে ৩ ডিসেম্বর বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় গুলশান হামলার বিচার।

পুরনো খবর:

বাদীর সাক্ষ্যে শুরু গুলশান হামলার বিচার