২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় অপহরণ, দেশে মুক্তিপণ: চক্রের দুজন গ্রেপ্তার

মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি শ্রমিকদের অপহরণ করে বাংলাদেশ থেকে মুক্তিপণ আদায়কারী চক্রের দুজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 01:10 AM

Updated : 18 Aug 2022, 05:37 PM

গত ৩০ জুলাই  হামিদ হোসেন (২৪)  নামে একজনকে গ্রেপ্তারের পর তার সহযোগী আমান উল্লাহকে (৪৩) শনিবার রাতে গ্রেপ্তার করা হয়।

সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৬ সালে পাবনার আমিনপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান মেলে।

শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি ২০১৬ সালে মালয়েশিয়া যাওয়ার পর মাহবুব হোসেন নামে একজনের সঙ্গে তার পরিচয় ঘটে। এই মাহবুব কাজ দেওয়ার কথা বলে শহীদকে একটি স্থানে গিয়ে আটকে ফেলে।

পরে তিনি বাংলাদেশে শহীদুলের স্বজনের কাছে ফোনে মুক্তিপণ দাবি করেন। তার চাহিদায় মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন নম্বরে প্রায় দুই লাখ টাকা দেওয়ার পর শহীদুল ছাড়া পান।

বাংলাদেশে থাকা শহীদুলের ভাই পরে এই ঘটনায় একটি মামলা করে। মামলার তদন্ত সিআইডি পাওয়ার পর জানতে পারে বাংলাদেশের ওই চক্রটি অবস্থান কক্সবাজারে।

এরপরেই কক্সবাজারে দুই দফায় অভিযান চালিয়ে হামিদ ও আমানকে গ্রেপ্তার করা হয় বলে মোল্লা নজরুল জানান।

তিনি বলেন, টেকনাফের মাহবুব মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে অবস্থান করেছেন।

“এই মাহবুব তার কিছু মালয়েশিয়ার সহযোগীদের মাধ্যমে এই চক্র তৈরি করে। এই চক্রের সদস্যরা মালয়েশিয়াতে কর্মসংস্থানের জন্য নতুন যাওয়া মানুষদেরকে ভাল কাজ দেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে।”