২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ‘এসপির রোষে’ আসামি ফেনীর ৪ সাংবাদিককে গ্রেপ্তার না করার নির্দেশ

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ফেনীর সাবেক পুলিশ সুপারের ‘রোষের মুখে’ নাশকতার মামলায় আসামি হওয়া স্থানীয় চার সাংবাদিককে আগামী চার সপ্তাহের মধ্যে গ্রেপ্তার কিংবা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

ও ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 10:26 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

এই চার সাংবাদিক হলেন দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’র স্টাফ করেসপন্ডেন্ট সোলাইমান হাজারী ডালিম, দৈনিক স্টার লাইন ও সময়ের আলোর প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী ও দৈনিক অধিকার’র স্থানীয় প্রতিনিধি এস এম ইউসুফ আলী।

চার সাংবাদিকের আবেদনে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ বৃহস্পতিবার গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ দেন।

এই সাংবাদিকদের অভিযোগ, রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের গাফিলতির বিষয়টি তুলে ধরে সংবাদ প্রকাশ করায় তাদের উপর ক্ষিপ্ত হন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার। এজন্য ফেনী ছাড়ার আগ মুহূর্তে চার সাংবাদিককে নাশকতার মামলায় আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার কাজটি করে যান তিনি।

সাংবাদিকদের অভিযোগের বিষয়ে পুলিশ সুপার জাহাঙ্গীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার দুটি মোবাইলে ফোন নম্বরে বৃহস্পতিবার সন্ধ্যার পর একাধিকবার কল করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

নুসরাত হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় গত ১২ মে জাহাঙ্গীরকে ফেনী থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

মোট নয়টি মামলায় চার সাংবাদিককে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের আগে পুলিশ বাদী হয়ে এই মামলাগুলো করেছিল।

হাই কোর্টে উপস্থিত হয়ে জামিন চান এই সাংবাদিকরা। তাদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মহসিন কবির, মো. আজিজুর রহমান ও এস এম সালেহ আহমেদ।

মহসিন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার তদন্তে পুলিশের উদাসীনতা নিয়ে পেশাদারিত্বের সাথে খবর প্রকাশ করায় পুলিশ অভিযোগপত্রে এই চার সাংবাদিকের নাম জড়িয়েছে। অথচ এফআইআর-এ তাদের নাম ছিল না।”

Image
ফেনীর সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার

ফেনীর সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার

তিনি বলেন, নির্বাচনের আগে পুলিশ ফেনী সদরসহ ৪টি থানায় এই নয়টি মামলা করেছিল। গত ৭ থেকে ১২ মের মধ্যে সব কটি মামলায় ‘গোপনে’ অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

“বিষয়টি জানার পর সাংবাদিকরা হাই কোর্টে এসে আগাম জামিনের আবেদন করেন। তবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগপত্র হওয়ার পর জামিনের বিধান না থাকায় চার সপ্তাহ তাদের গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ দিয়েছেন আদালত। চার সপ্তাহ পর ফেনীর দায়রা জজ আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।”

এই মামলাগুলোর তিনটি ফেনী মডেল থানায়, দুটি সোনাগাজী মডেল থানার, দুটি দাগনভূঞা থানার এবং দুটি ছাগলনাইয়া থানার।

অভিযোগপত্র দেওয়ার প্রায় দেড় মাস পর বিষয়টি প্রকাশ পেলে ফেনীর গণমাধ্যমকর্মীদের মধ্যে হইচই পড়ে যায়। সাংবাদিক ছাড়াও এসব মামলায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও আসামি।

নুসরাত হত্যা: ‘গাফিলতি ছিল’ এসপি, ওসির

  নুসরাত হত্যা: ফেনীর এসপি প্রত্যাহার

  নুসরাত হত্যাকাণ্ডে পুলিশের দায় দেখছে সংসদীয় কমিটি

ফেনীর সময়’র সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, “আমার পত্রিকায় নুসরাত হত্যাকাণ্ড নিয়ে একাধিক সংবাদ ও কার্টুন দেখে তৎকালীন পুলিশ সুপার ক্ষুব্ধ হন। এ কারণে আমাকে একাধিক নাশকতার মামলায় জড়ানো হয়েছে। আমি ছাড়াও আরও কয়েক সাংবাদিক এমন হয়রানির শিকার হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

ইউসুফ আলী বলেন, “পুলিশ আমাকে ৯টি মামলায় আসামি করেছে। অথচ আমার নামে অতীতে কখনও কোনো থানায় একটি জিডি (সারাধরণ ডায়েরি) পর্যন্ত হয়নি।”

এদিকে জাহাঙ্গীর সরকার ফেনী ছাড়ার আগে ছাগলনাইয়া থানায় প্রায় মীমাংসার পথে থাকা একটা মামলার অভিযোগপত্রেও দৈনিক যুগান্তরের ছাগলনাইয়া প্রতিনিধি নুরুজ্জামান সুমন ও স্থানীয় অনলাইন পোর্টাল ছাগলনাইয়াডটকম সম্পাদক জাহাঙ্গীর কবির লিটনের নাম ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিকদের অভিযোগের বিষয়ে ফেনীর বর্তমান পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তিনি ফেনীতে যোগ দেওয়ার আগে ঘটেছে। আর অভিযোগপত্র আদালতে দাখিল হওয়ায় এ মুহূর্তে পুলিশের কিছু করার নেই।

নুসরাত হত্যাকাণ্ডে গাফিলতির প্রমাণ মেলায় জেলা এসপি জাহাঙ্গীর এবং সোনাগাজী মডেল থানার ওসি মোয়োজ্জেম হোসেন ও ওই থানার দুই উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়। এছাড়া ৬ কর্মকর্তাকে বদলি করে পুলিশ সদর দপ্তর।

পুরনো খবর:

নুসরাত হত্যা: ‘গাফিলতি ছিল’ এসপি, ওসির
নুসরাত হত্যা: ফেনীর এসপি প্রত্যাহার
নুসরাত হত্যাকাণ্ডে পুলিশের দায় দেখছে সংসদীয় কমিটি