ঢাকার ৩ হাসপাতাল প্রস্তুত হচ্ছে ডেঙ্গু রোগীর জন্য: মন্ত্রী
দেশের সব জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের হুঁশিয়ারির মধ্যেই সরকারের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, ডেঙ্গু রোগী বেড়ে গেলে যাতে সামাল দেওয়া যায়, সেজন্য ঢাকায় তিনটি সরকারি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। প্যাথলজি পরীক্ষার কিট ও রিএজেন্ট আমদানি করা হচ্ছে।
আর কোরবানির ঈদে ঢাকার মানুষ গ্রামে গেলে ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ার যে শঙ্কা রয়েছে, তা মোকাবিলার পরিকল্পনাও আগে থেকে করার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ডেঙ্গু বিষয়ক এক সেমিনারে সরকারের এসব প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি।
সারা দেশে ‘সুন্দরভাবে সব ম্যানেজ’ করা হচ্ছে দাবি করে জাহিদ মালেক বলেন, “সকলে মিলে কাজ করলে ক্রাইসিস মোকাবেলা করা যায়।”
দেশে ডেঙ্গুর এই প্রকোপের মধ্যে ছুটি নিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য মালয়েশিয়ায় গিয়ে সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী।
এই পরিস্থিতিতে সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতেই তিনি দেশে ফেরেন; বৃহস্পতিবার সকালে মিটফোর্ড হাসপাতালে যান ডেঙ্গু কর্নার উদ্বোধন করতে।
সেখানে তিনি কথা বলতে রাজি না হলে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আয়োজিত ডেঙ্গু বিষয়ক সেমিনারে অংশ নেন মন্ত্রী।
তিনি বলেন, “এখন মোটামুটি দেশের প্রতিটি জেলাতেই রোগী পাওয়া যাচ্ছে। ঈদের সময় ছড়িয়ে যাবার সম্ভাবনাটা আরেকটু বেশি। এজন্য আমাদের আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম নিতে হবে।”
ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ছুটি বাতিল... যেহেতু এটা দেশের একটা সমস্যা। কেউ চিকিৎসা পায়নি বা চিকিৎসা না পেয়ে ফিরে গেছে; এমন কেউ বলতে পারবে না।”
ঢাকায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে প্রকোপ বাড়তে শুরু করে গত জুন মাস থেকে। জুলাইয়ের শেষে এসে তা ছড়িয়ে পড়ছে দেশের প্রায় সব জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সারা দেশে ১৭ হাজার ১৮৩ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন। এর মধ্যে কেবল জুলাই মাসেই মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার রোগী।
এ পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যুর খবর স্বাস্থ্য অধিদপ্তরের নথিতে এসেছে, যদিও সংবাদপত্রে আসা খবরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে অর্ধশত ছাড়িয়েছে।
এই পরিস্থিতিতে ডেঙ্গুর জিবাণুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সেব্রিনা ফ্লোরা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “যত রকম ওষুধই ব্যবহার করি না কেন যদি সোর্স রিডাকশন না হয় এডিস মশা নিয়ন্ত্রণ করা অসম্ভব। যদি সোর্স রিডাকশনে আমরা সবাই মিলে কাজ না করি তাহলে ট্রেন্ড থামানো যাবে না।
“সেদিক থেকে প্রত্যেক নাগরিককে সচেতন করার দায়িত্ব আমাদের সবার। সেটা না হলে সেপ্টেম্বর পর্যন্ত বাড়বে। পরে আস্তে আস্তে কমে আসবে।”
বাংলাদেশে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে সেপ্টেম্বর মাসে। সেজন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো সেভাবে রোগী যায় না। সেজন্য বেডগুলো অধিকাংশই খালি থাকে।
“আমরা নির্দেশনা দিয়েছি ওই হাসপাতালগুলো রেডি করার জন্য। বার্ন ইন্সটিটিউটে এক হাজার বেড রেডি হচ্ছে। বর্তমানে আমাদের যে হাসপাতালগুলোতে রোগী নিচ্ছে… সেখানে যদি জায়গা না হয়, তাহলে আমরা এই তিনটা হাসপাতালে… যেখানে কয়েক রোগী রাখার ব্যবস্থা আছে, সেখানে আমরা ডেঙ্গু রোগী নিয়ে নেব।”
চিকিৎসক ও নার্সদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা সত্যিই গর্বিত, আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের যারা চিকিৎসা দেয়, সকলেই যে কঠিন পরিশ্রম করছেন, তার জন্য আমার পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
“আপনারা দিনরাত রাজ করছেন এবং ঝুকিপূর্ণ কাজ করছেন। এর মধ্যে দুই একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।”
ফাইল ছবি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যমের সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, “সাংবাদিক ভাইদেরও সহযোগিতা দরকার। সাংবাদিক ভাইদের দেখতে হবে- এখানে চিকিৎসা হচ্ছে কিনা, দেখতে হবে রোগী ফেরত যাচ্ছে কি না, হাসপাতালে চিকিৎসা নিতে পারছে কি না, বেড পাচ্ছে কি না…
“এবং কী কী পদক্ষেপ স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছে রোগী সামাল দেওয়ার জন্য এবং সুন্দরভাবে সারা বাংলাদেশে ম্যানেজ করা হয়েছে… এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন, এটি আমরা আপনাদের কাছে আশা করি।”
