‘কর্মকাণ্ড প্রতিষ্ঠানের লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ না হলে বেতন কি বৈধ’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘ভিশন-মিশনের’ সঙ্গে কর্মকর্তাদের কর্মকাণ্ড সংগতিপূর্ণ না হলে তাদের বেতন নেওয়া বৈধ হবে কি না, সেই প্রশ্ন করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বুধবার দুদক প্রধান কার্যালয়ে ‘দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে এ প্রশ্ন ছোড়েন তিনি।
ইকবাল মাহমুদ বলেন, “এই প্রতিষ্ঠানের (দুদক) একটি অঙ্গীকার রয়েছে। আপনাদের প্রত্যেকেরও অঙ্গীকার রক্ষা করতে হবে। প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার ও মমত্ববোধ না থাকা কাঙ্ক্ষিত নয়।
“প্রতিষ্ঠানের ভিশন-মিশনের সাথে আপনাদের কাজ-কর্ম সংগতিপূর্ণ না হলে, এই প্রতিষ্ঠান থেকে নেওয়া বেতন কি বৈধ হয়? তাই সততা ও নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে।”
কর্মকর্তাদের ‘মনোভাব, আচার-আচরণ, কৌশল ও চলন-বলনের’ পরিবর্তনের মাধ্যমেই কমিশনের সক্ষমতার বিকাশ ঘটানো সম্ভব বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
কর্মকর্তাদের ‘হোম ওয়ার্ক’ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “কমিশনের কর্মকর্তাদের আচরণ হতে হবে সর্বোচ্চ বিনয়ী। জিজ্ঞাসাবাদে কৌশলগত কারণেই জ্ঞান, বুদ্ধি এবং স্বীয় বিবেচনার নির্মোহ প্রয়োগ ঘটাতে হবে।
“এক্ষেত্রে উদ্ভাবনীমূলক কৌশল প্রয়োগের মাধ্যমে অপরাধীদের অপরাধের তথ্য সঠিকভাবে পাওয়া যেতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত হোম ওয়ার্ক করার কোনো বিকল্প নেই।”
সমাজের সব স্তরের মানুষের কাছে ‘দুর্নীতি করলে পরিণতি সুখকর হবে না’ বার্তা পৌঁছে দিতে দুদকের বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করেন ইকবাল মাহমুদ।
“বর্তমানে কমিশন দৃঢ়ভাবে এই বার্তা পৌঁছানোরই চেষ্টা করছে। এ কারণেই প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্নীতি প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে,” বলেন তিনি।
এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “এমন সময় হয়ত আসবে যেদিন দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস হারিয়ে ফেলবে।”
প্রশিক্ষণ কোর্সে দুদকের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
