২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিসের লার্ভা: তমা কনস্ট্রাকশনের কর্মীর কারাদণ্ড

তমা কনস্ট্রাকশনের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটির এক কর্মীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 07:47 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

নির্মাণাধীন ভবনে লার্ভা শনাক্তকরণে বুধবার পুরান ঢাকার জনসন রোডে যায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান।

জনসন রোডে তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন একটি ভবনে গিয়ে এডিস মশার লার্ভার উপস্থিতি পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. সাঈদকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান বলেন, “তাদের চৌবাচ্চা, নির্মাণের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিতে জমে থাকা পানিতে এডিস লার্ভা পাওয়া গেছে। এ সময় মাননীয় মেয়রও সেখানে উপস্থিত ছিলেন। অনেক বেশি লার্ভা পাওয়ায় সেখানে যে দায়িত্বে ছিল তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন সে পুলিশ কাস্টডিতে আছে। তাকে জেলহাজতে পাঠানো হবে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে তমা কনস্ট্রাশনের প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ওই প্রকল্পটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আছে।

“একটা ঝামেলায় ওই প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ আছে। এ কারণে ময়লা-আবর্জনা জমে গেছে।”

এর আগে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগর মহিলা কলেজ আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেন, পরিস্থিতি জটিল হচ্ছে।

“মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। নগর কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে এটি মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে। জনগণ ও ধীরে ধীরে এ বিষয়ে সচেতন হচ্ছে। আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্রুতই এ পরিস্থিতি কাটিয়ে উঠব।”

মেয়র বলেন, “ভবন মালিকদের বারবার আহ্বান জানানো সত্ত্বেও অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। আমরা নিয়মিত মোবাইল কোর্ট চালাচ্ছি। নির্মাণাধীন ভবন মালিকরা সচেতন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নগর কর্তৃপক্ষ পিছপা হবে না।”

পরে শিক্ষার্থীদের জন্য ডিএসসিসির পক্ষ থেকে কলেজ অধ্যক্ষের হাতে মশার ওষুধ তুলে দেন।