বিমানের সাবেক এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত অভিযোগের অনুসন্ধন কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে মুসাদ্দিক আহমেদ সাংবাদিকদের কাছে নিজেকে ‘নিরাপরাধ’ দাবি করেন।
অনিয়মের সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন, “ডেফিনেটলি আমি কোনো অপরাধ করিনি।”
মুসাদ্দিক আহমেদসহ তিনদিনে বিমানের ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করল দুদক।
এর আগে সোমবার রাষ্ট্রায়ত্ত সংস্থাটির ভারপ্রাপ্ত এমডি ক্যাপটেন ফারহাত হাসান জামিলসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
বাকিরা হলেন- বিমানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বিনীত সুধ, পরিচালক (প্লানিং) মাহবুব জামান খান, চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদ ও পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. আশরাফুল আলম।
এর আগের (রোববার) বিমানের পরিচালক (প্রশাসন) পার্থ কুমার পণ্ডিত, পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহিম, পরিচালক (কাস্টম সার্ভিস) মুমিনুল ইসলাম ও জিএম (প্রশাসন) বুশরা ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৪ জুলাই মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
ওই দিন অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলামের সই করা পৃথক নোটিসে তাদের তলব করা হয়।
এর আগে গত ২ মে এই ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় দুদক।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদকের কর্মকর্তারা বলছেন, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত থেকে ‘ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে ক্যাডেট পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন’।
সাংবাদিক দেখে নির্দোষ দাবি রাজউকের কর্মকর্তার
এফআর টওয়ারের নকশা জালিয়াতির এক মামলায় দুদকের হাতে গ্রেপ্তার রাজউকের সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলম
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুদকের হাজতখানা থেকে আদালতের নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি সাংবাদিকের দেখে বলেন, “আমি অপরাধী নই। আমাকে ফাঁসানো হয়েছে। যে কারণে মামলা হয়েছে আমি তার সাথে সংশ্লিষ্ট নই। বড় বড় রাঘব বোয়ালদের ছেড়ে দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছে।”
সোমবার রাত ১০টার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে সদরুল আলমকে গ্রেপ্তার করে দুদক।
এ বিষয়ে দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, “এফআর টাওয়ারের নকশা জালিয়াতির প্রমাণ পাওয়ায় ২৩ জনকে আসামি করে দুইটি মামলা হয়েছে। এর এক মামলায় একজনকে (সদরুল আলম) গ্রেপ্তার করা হয়েছে।”
সদরুলের দাবির প্রসঙ্গে তিনি বলেন, “অপরাধী কেউ দোষ করার করতে চায় না। তারা সব সময় নিরপরাধ দাবি করে।”
আর বিমানের সাবেক এমডি মুসাদ্দিক আহমেদের দাবির বিষয়ে দুদক সচিব বলেন, দুদক নিরপরাধ কাউকে গ্রেপ্তার করে না। দুদক তদন্তের স্বার্থে যখন যাকে প্রয়োজন মনে করে তখন তাকে তলব করে, অনুসন্ধান শেষে জড়িতদের বিরুদ্ধে মামলা করে।
