২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে বলেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 03:11 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

বৃহস্পতিবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন হবে বলে মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, “সর্বসাধারণের সুবিধার্থে সকল সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফুয়েলিং কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ আগস্ট, ২০১৯ হতে ২৪ ঘণ্টা খোলা থাকবে।”

গ্যাস সাশ্রয়ে এখন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো।

এর আগে ২২ জুলাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, ঈদুল আযহার আগের সাত দিন ও পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

সড়কমন্ত্রীর ঘোষণার এক সপ্তাহ পর প্রজ্ঞাপন জারি করলো জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১২ অগাস্ট (সোমবার) ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।