আবাসন সঙ্কট সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে জাবি ছাত্রীরা
আবাসন সমস্যার সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা।
সোমবার রাত দশটা থেকে প্রথমে তৃতীয় ও চতুর্থ বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী এবং পরে দ্বিতীয় বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ছাত্রীদের ভাষ্য, সোমবার সন্ধ্যায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে চারজনের কক্ষে অতিরিক্ত আরও দুজন করে শিক্ষার্থী বরাদ্দ দেয় হল প্রশাসন।
এর প্রতিবাদে প্রথমে বিক্ষোভ শুরু করেন হলে থাকা বিভিন্ন বিভাগের তৃতীয় ও চতুর্ষ বর্ষের শিক্ষার্থীরা।
তারা হলের আসন ও ক্যান্টিন সমস্যা সমাধানে ব্যর্থতার অভিযোগ তুলে হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানান।
এক পর্যায়ে হল প্রাধ্যক্ষ মুজিবুর রহমান সেখানে উপস্থিত হলে বিক্ষুব্ধরা তার কাছে আটটি দাবি তুলে ধরেন।
ছাত্রীদের দাবিগুলো হলে- হলে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের জন্য প্রাধ্যক্ষ ও হাউজ টিউটরদেরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, শিক্ষার্থীদের হলের কোনো সিট বাতিল এবং অতিরিক্ত সিট না দেওয়া, হলের সব কিচেন রুম খোলা রাখা এবং সেখানে কোনো ছাত্রীকে না রাখা, হলে কোনো উপস্থিতি পদ্ধতি চালু না করা, ডাইনিং চালু করে ছাত্রীদের মতামতের ভিত্তিতে পরিচালনা করা, ক্যান্টিন মালিককে ১৫ দিনের মধ্যে পরিবর্তন করা এবং দ্বিতীয় বর্ষের (৪৭তম আবর্তন) শিক্ষার্থীদের জন্য দ্রুত সিটের ব্যবস্থা করা।
কিন্তু এরপর হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা (৪৭তম আবর্তন) তাদের আবাসন সমস্যা সমাধানের দাবিতে হলের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের শান্ত করতে এসময় সেখানে উপস্থিত হন প্রাধ্যক্ষ কমিটির সভাপতি বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ অন্য শিক্ষকরা। কিন্তু তারা ছাত্রীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে প্রাধ্যক্ষ কমিটির তাৎক্ষণিক সভায় হলের অতিথি কক্ষ, ফটোকপি কক্ষসহ পাঁচটি কক্ষ খালি করে ছাত্রীদের থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের বিষয়টি দ্বিতীয় বর্ষের ছাত্রীদের জানানো হলে সেটিও তারা প্রত্যাখ্যান করেন।
পরে ছাত্রীদের দাবির মুখে উপাচার্য ফারজানা ইসলাম আগামী তিন মাসের মধ্যে হলের বর্ধিত ভবন তৈরির আশ্বাস দিলে রাত আড়াইটার দিকে হলে ফিরে যান দ্বিতীয় বর্ষের ছাত্রীরা।
হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরও আমরা দীর্ঘ আঠারো মাস ধরে গণরুমে থাকছি। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন বারবার আশ্বাস দেওয়ার পরেও কোনো সমাধান করতে পারেনি।”
“আমরা চাই উপাচার্য আমাদের যে আশ্বাস দিয়েছেন সেটা বাস্তবায়নের লক্ষ্যে আজ থেকেই কাজ শুরু হোক।”
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, “হলের আসন সংকট দীর্ঘদিনের। আমরা চেষ্টা করছি এ সমস্যা সমাধানের। উপাচার্য হলের বর্ধিত ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন। আশা করছি দ্রুত এ সমস্যা সমাধান করা যাবে।”
