মশার ওষুধের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: মেয়র আতিক
মশার ওষুধ কেনার সঙ্গে যুক্ত সব ’সিন্ডিকেট’ ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার জন্য মশা মারার কীটনাশকের অকার্যকারিতার খবর বেরিয়ে আসার মধ্যে
সোমবার গুলশান ক্লাবে জাতীয় দৈনিক ও অনলাইনের সম্পাদকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এই দাবি করেন তিনি।
মেয়র আতিক বলেন, “ওষুধ আমদানির সঙ্গে জড়িত সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে ডিএনসিসি সরাসরি ঔষধ আমদানি করতে পারবে।”
এডিস মশার বিস্তারে সমালোচনার মুখে থাকা মেয়র বলেন, “ডেঙ্গু মোকাবেলায় ডিএনসিসি এখন থেকে বছরব্যাপী সক্রিয়ভাবে কাজ করবে। মশক নিধন কর্মী ও সুপারভাইজারদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য তাদের কার্যক্রম নিয়মিত তদারক করা হবে।”
তিনি বলেন, ডিএনসিসি পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে যারা বিভিন্ন ভবনে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এডিস মশার উৎস আছে কি না এবং হাসপাতালগুলো নির্ধারিত মূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসা দিচ্ছে কি না, তা দেখবে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিবে।
সভায় প্রতিদিনের সংবাদের সম্পাদক রাহাত খান, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সারা বাংলার সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, এবিনিউজ টোয়েন্টিফোরের সম্পাদক সুভাষ সিংহ রায়, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান, আমাদের নতুন সময়ের সম্পাদক মাসুদা ভাট্টি উপস্থিত ছিলেন।
